প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৬। (১) সংবিধান ও এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কমিশন, সংবিধানের ৬৫(২) অনুচ্ছেদে উল্লিখিত সংখ্যক সংসদ-সদস্য প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করিবার লক্ষ্যে সমগ্র দেশকে উক্ত সংখ্যক একক আঞ্চলিক নির্বাচনি এলাকায় বিভক্ত করিবে।
(২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, কমিশন প্রশাসনিক সুবিধা বিবেচনা করিয়া প্রতিটি আঞ্চলিক নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ করিবে, যাহাতে প্রতিটি আঞ্চলিক নির্বাচনি এলাকার ভৌগোলিক অখণ্ডতা বজায় থাকে, এবং এইরূপ সীমানা নির্ধারণ সর্বশেষ আদমশুমারি প্রতিবেদনে উল্লিখিত জনসংখ্যার, যতদূর সম্ভব, বাস্তব বণ্টনের ভিত্তিতে করিতে হইবে।
(৩) কমিশন, প্রয়োজন মনে করিলে যথাযথ অনুসন্ধান এবং দলিলাদি পরীক্ষা করিয়া, প্রতিটি আঞ্চলিক নির্বাচনি এলাকার জন্য প্রস্তাবিত এলাকা উল্লেখপূর্বক, আঞ্চলিক নির্বাচনি এলাকাসমূহের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করিয়া, সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশ করিবে এবং উক্ত বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়ের মধ্যে উহার উপর লিখিত আপত্তি এবং পরামর্শ আহবান করিবে।
(৪) কমিশন, তদ্কর্তৃক প্রাপ্ত আপত্তি এবং পরামর্শ, যদি থাকে, শুনানি গ্রহণ করিয়া এবং, ক্ষেত্রমত, বিবেচনা করিয়া, উপযুক্ত মনে করিলে উপ-ধারা (৩) এর অধীন প্রকাশিত প্রাথমিক তালিকায় প্রয়োজনীয় সংশোধন করিয়া, এবং অনিচ্ছাকৃত কোনো ভুল বা বিচ্যুতি থাকিলে উহা সংশোধন করিয়া প্রত্যেক আঞ্চলিক নির্বাচনি এলাকার সীমানা উল্লেখপূর্বক সকল আঞ্চলিক নির্বাচনি এলাকার একটি চূড়ান্ত তালিকা সরকারি গেজেটে প্রকাশ করিবে।