প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১

( ২০২১ সনের ১৯ নং আইন )

পরিচালনা বোর্ড

৬।  (১) হাসপাতাল ও ইনস্টিটিউট পরিচালনার জন্য নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত একটি পরিচালনা বোর্ড থাকিবে, যথা:¾

(ক)   সরকার কর্তৃক মনোনীত, জাতীয়ভাবে সুনাম অর্জনকারী চিকিৎসা বিষয়ে একজন জ্যেষ্ঠ অধ্যাপক; যিনি ইহার সভাপতিও হইবেন;

(খ)    সরকার কর্তৃক মনোনীত জাতীয়ভাবে সুনাম অর্জনকারী একজন বিশিষ্ট নাগরিক;

(গ)    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত শিশু স্বাস্থ্য বিষয়ের একজন অধ্যাপক;

(ঘ)    স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক মনোনীত একজন যুগ্মসচিব;

(ঙ)    সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন যুগ্মসচিব;

(চ)    অর্থ বিভাগ কর্তৃক মনোনীত একজন যুগ্মসচিব;

(ছ)    অ্যাটর্নি জেনারেল কর্তৃক মনোনীত একজন অন্যূন ডেপুটি অ্যাটর্নি জেনারেল;

(জ)   স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল);

(ঝ)    বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক মনোনীত একজন সদস্য;

(ঞ)   সরকার কর্তৃক মনোনীত ইনস্টিটিউটের একজন অধ্যাপক ও একজন সহযোগী অধ্যাপক;

(ট)    সরকার কর্তৃক মনোনীত শিশু স্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞ খ্যাতনামা একজন চিকিৎসক;

(ঠ)    বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি;

(ড)    হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক, যিনি ইহার সাচিবিক দায়িত্বও পালন করিবেন।

(২) বোর্ডের সভাপতি এবং দফা (খ), (ট) ও (ঠ) এ উল্লিখিত সদস্য, মনোনয়নের তারিখ হইতে ৩ (তিন) বৎসর মেয়াদের জন্য স্বীয় পদে বহাল থাকিবেন।

(৩) সভাপতি ও বোর্ডের মনোনীত কোনো সদস্য সরকার বরাবর স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন; তবে সরকার কর্তৃক পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত এই পদত্যাগ কার্যকর হইবে না; তাহা ছাড়া সরকার, প্রয়োজনবোধে, যেকোনো সময়, আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করিয়া, সভাপতি ও সদস্যের মনোনয়ন বাতিল করিতে পারিবে।

(৪) বোর্ড, প্রয়োজনবোধে, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ কোনো একজন ব্যক্তিকে বোর্ডের সদস্য হিসাবে কো-অপ্ট করিতে পারিবে, তবে কো-অপ্ট সদস্যের কোনো ভোটাধিকার থাকিবে না। 

(৫) কোনো কারণে সভাপতি তাহার দায়িত্ব পালনে অক্ষম হইলে বা সভাপতির পদ শূন্য হইলে, সভাপতি দায়িত্ব পালনে সক্ষম না হওয়া পর্যন্ত বা শূন্য পদে নূতন সভাপতি নিয়োগপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সরকার বোর্ডের একজন জ্যেষ্ঠ সদস্যকে সভাপতির দায়িত্ব পালনের আদেশ প্রদান করিবেন; তবে এইরূপ আদেশের মেয়াদ ৬ (ছয়) মাসের অধিক হইবে না।

(৬) সভাপতি শারীরিক, মানসিক বা অন্য কোনো কারণে একাধারে ৬ (ছয়) মাস দায়িত্ব পালনে অক্ষম হইলে, তাহার পদ শূন্য হইবে এবং শূন্য পদে নূতন সভাপতি নিয়োগ করিতে হইবে।

(৭) কেবল কোনো সদস্য পদে শূন্যতা বা বোর্ড গঠনে ত্রুটি থাকিবার কারণে বোর্ডের কোনো কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তৎসম্পর্কে কোনো প্রশ্নও উত্থাপন করা যাইবে না।

(৮) কোনো ব্যক্তি একাধারে ২ (দুই) মেয়াদের বেশি সভাপতি পদে নিয়োগের জন্য যোগ্য হইবেন না।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs