প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২৭। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঢাকা জেলার শেরে বাংলা নগর নামক স্থানে বিদ্যমান ঢাকা শিশু হাসপাতাল ও বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ অতঃপর ‘‘বিলুপ্ত হাসপাতাল ও ইনস্টিটিউট’’ বলিয়া উল্লিখিত, এবং উহাদের পরিচালনা বোর্ড, বিলুপ্ত হইবে।
(২) বিলুপ্ত হাসপাতাল ও ইনস্টিটিউটের¾
(ক) সকল স্থাবর ও অস্থাবর সম্পদ, নগদ বা ব্যাংক হিসাবে গচ্ছিত অর্থ, তহবিল এবং এতদ্সংশ্লিষ্ট অন্য যেকোনো প্রকার অধিকার, স্বার্থ, সকল হিসাব বহি, রেজিস্টার, রেকর্ড এবং তদ্সম্পর্কিত অন্য কোনো দলিল, হাসপাতাল ও ইনস্টিটিউটের নিকট হস্তান্তরিত হইবে;
(খ) সকল প্রকার ঋণ, দায়-দায়িত্ব হাসপাতাল ও ইনস্টিটিউটের ঋণ, দায়-দায়িত্ব হিসাবে গণ্য হইবে;
(গ) সকল কর্মকর্তা কর্মচারী স্বয়ংক্রিয়ভাবে হাসপাতাল ও ইনস্টিটিউটে ন্যস্ত হইবে, ন্যস্তকৃত কর্মকর্তা কর্মচারী হাসপাতাল ও ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী বলিয়া গণ্য হইবেন এবং এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে তাহারা যে শর্তে চাকরিতে নিয়োজিত ছিলেন, এই আইনের অধীন প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে চাকরিতে নিয়োজিত থাকিবেন।
(৩) উক্তরূপ বিলুপ্তিকরণ সত্ত্বেও¾
(ক) বিলুপ্ত হাসপাতাল ও ইনস্টিটিউটের¾
(অ) চলমান বা প্রক্রিয়াধীন কোনো কার্য বা কার্যধারা, এই আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্যাবলি হিসাবে নিষ্পন্ন করা যাইবে;
(আ) ন্যস্তকৃত কর্মকর্তা-কর্মচারী চাকরির জ্যেষ্ঠতা, বেতন বৃদ্ধি, পদোন্নতির সুযোগ, আনুতোষিক (gratuity) অবসর ভাতা বা অন্য কোনো সুবিধাদি দেশে প্রচলিত অন্যান্য সংবিধিবদ্ধ সংস্থার ন্যায় প্রাপ্য হইবেন;
(ই) স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা বা অন্য কোনো কোর্স অসমাপ্ত থাকিলে উহা হাসপাতাল ও ইনস্টিটিউটের কোর্স বলিয়া গণ্য হইবে এবং উহা ইনস্টিটিউট কর্তৃক পূর্বের শর্ত ও মেয়াদে যথাযথভাবে সম্পন্ন করা যাইবে;
(খ) নূতন জনবল কাঠামো অনুমোদিত না হওয়া পর্যন্ত, বোর্ড, বিলুপ্ত হাসপাতাল ও ইনস্টিটিউটের জনবল কাঠামো অনুসরণ করিতে পারিবে;
(গ) বিলুপ্ত বোর্ড বা গভর্নিং বোর্ড যথাশীঘ্র সম্ভব উপ-ধারা (২) এ বর্ণিত হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করিবে;
(ঘ) এই আইনের অধীন প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বোর্ড কর্তৃক প্রণীত এতদ্সংশ্লিষ্ট আদেশ, নীতি বা অন্য কোনো দলিল, উহা যে নামেই অভিহিত হউক না কেন, কার্যকর থাকিবে;
(ঙ) বোর্ড, উপ-ধারা (১) এর অধীন হস্তান্তরিত স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ, ন্যস্তকৃত সকল কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা অনুযায়ী নামের তালিকা, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, প্রকাশ করিবে;
(চ) হাসপাতাল ও ইনস্টিটিউটে ন্যস্তকৃত কর্মকর্তা-কর্মচারীর কর্মের শর্তাবলি এমনভাবে পরিবর্তন করা যাইবে না যাহাতে উক্ত কর্মকর্তা-কর্মচারীর অর্জিত কোনো অধিকার ক্ষতিগ্রস্ত হয়।
ব্যাখ্যা।¾ এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘‘কর্মকর্তা-কর্মচারী’’ অর্থ শিক্ষক, চিকিৎসক, নার্স, সাধারণ, কারিগরি কর্মকর্তা-কর্মচারী।