প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২১

( ২০২১ সনের ২০ নং আইন )

বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা

৫।  এই আইনের বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা :¾

(ক)   কৃষি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাদান এবং গবেষণা ও প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;  

(খ)    কর্মদক্ষ জনসম্পদ সৃষ্টির লক্ষ্যে আধুনিক প্রযুক্তি, পেশা, বৃত্তি ও অর্থনৈতিক চাহিদার ভিত্তিতে উচ্চশিক্ষার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাশাপাশি আধুনিক পাঠদান পদ্ধতি অনুসরণ করিয়া অনলাইন, দূরশিক্ষণ এবং ক্যাম্পাসভিত্তিক শিক্ষাদানের সমন্বয়ে পাঠ্য বিষয় সংশ্লিষ্ট বিষয়সমূহের সীমিত বা দীর্ঘমেয়াদী কোর্স প্রণয়ন ও পরিচালনা করা;

(গ)    কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতিকল্পে এবং কৃষি বিজ্ঞানের পরিধি বিস্তৃত করিবার লক্ষ্যে শিক্ষাদান ও গবেষণা কার্যক্রম গ্রহণ;

(ঘ)    কৃষি বিজ্ঞানের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিসহ প্রচলিত অন্যান্য বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি;

(ঙ)    ডিগ্রি, সনদ ও ডিপ্লোমার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে শিক্ষা কার্যক্রম ও পাঠক্রমের পরিকল্পনা গ্রহণ ও প্রণয়ন;

(চ)    বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত বিভিন্ন কোর্সে শিক্ষার্থী ভর্তি;

(ছ)    অন্যান্য বিশ্ববিদ্যালয়সহ জাতীয় ও আন্তর্জাতিক কৃষিশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান, পেশাদার সংগঠন ও সংস্থাকে সহযোগিতা প্রদান এবং উহাদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও বহিরাঙ্গন কার্যক্রমের উন্নয়ন, সম্প্রসারণ ও বাস্তবায়ন;

(জ)   সংবিধি ও বিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত কোর্স বা গবেষণা অনুসরণ ও সমাপন করিয়াছেন এইরূপ ব্যক্তিকে ডিগ্রি, সনদ, ডিপ্লোমা বা শিক্ষা ক্ষেত্রে অন্য কোনো বিশেষ স্বীকৃত বা সম্মান প্রদান;

(ঝ)    মেধার স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে সংবিধি অনুযায়ী শিক্ষা লাভের জন্য ফেলোশিপ, স্কলারশিপ, উপবৃত্তি, পুরস্কার, পদক, ইত্যাদি প্রবর্তন ও প্রদান;

(ঞ)   আচার্যের অনুমোদনক্রমে এবং মঞ্জুরি কমিশন ও সরকার কর্তৃক নির্ধারিত শর্তে অধ্যাপক, খণ্ডকালীন অধ্যাপক, ভিজিটিং অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, সুপারনিউমারারি অধ্যাপক ও ইমিরেটাস অধ্যাপকের পদ এবং প্রয়োজনীয় অন্য কোনো গবেষক ও শিক্ষকের পদ সৃষ্টি করা এবং সেই সকল পদে নিয়োগ প্রদান;

(ট)    সিন্ডিকেটের সুপারিশ অনুসারে এবং আচার্যের পূর্বানুমোদনক্রমে নূতন ইনস্টিটিউট, অনুষদ, বিভাগ ইত্যাদি প্রতিষ্ঠা, বিলোপ বা সাময়িকভাবে কার্যক্রম স্থগিতকরণ এবং শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টিকরণ;

(ঠ)    সংবিধি দ্বারা নির্ধারিত ফি ধার্য ও আদায়;

(ড)    বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের বসবাসের জন্য আবাসন ও ডরমিটরি এবং শিক্ষার্থীদের বসবাসের জন্য হল স্থাপন করা এবং উহার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা ও পরিদর্শন;

(ঢ)    বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের নৈতিক ও অ্যাকাডেমিক শৃঙ্খলা তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করা, পাঠক্রম সহায়ক কার্যক্রমের উন্নতি বর্ধন এবং তাহাদের স্বাস্থ্যের উৎকর্ষ সাধনের ব্যবস্থা;

(ণ)    বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কোনো চুক্তিতে আবদ্ধ হওয়া, চুক্তি বাস্তবায়ন, চুক্তির শর্ত পরিবর্তন বা চুক্তি বাতিলকরণ;

(ত)    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সম্প্রসারণ ও উন্নয়নের জন্য, মঞ্জুরি কমিশন ও সরকারের অনুমতিক্রমে, দেশি ও বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতে অনুদান ও বৃত্তি গ্রহণ;

(থ)    কৃষি বিজ্ঞানের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রচলিত অন্যান্য বিষয়ে উদ্ভাবনী সুযোগ সৃষ্টি;

(দ)    টেকসই কৃষি প্রযুক্তি ও উচ্চ ফলনশীল কৃষিজ দ্রব্যের প্রদর্শনীর ব্যবস্থাকরণ; এবং

(ধ)    বিশ্ববিদ্যালয়ের অভীষ্ট লক্ষ্য অর্জন ও বাস্তবায়নকল্পে প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পাদন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs