প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২০। (১) সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্তৃপক্ষ হইবে এবং এই আইন ও সংবিধির বিধান সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিচালনার দায়িত্বে থাকিবে এবং শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের উপর তত্ত্বাবধানের ক্ষমতা রাখিবে।
(২) উপ-ধারা (১) এর অধীন ক্ষমতার সামগ্রিকতা ক্ষুণ্ণ না করিয়া সিন্ডিকেট নিম্নবর্ণিত দায়িত্ব পালন করিবে, যথা :¾
(ক) সংবিধি প্রণয়ন, সংশোধন ও অনুমোদন;
(খ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও কার্যধারা সম্পর্কে নীতিমালা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ;
(গ) প্রয়োজনবোধে উপাচার্য কিংবা যে কোনো কর্তৃপক্ষকে উহার যে কোনো ক্ষমতা অর্পণ;
(ঘ) অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত বা সুপারিশকৃত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে শিক্ষা ও গবেষণার বিশেষ অবদানের জন্য মেধার স্বীকৃতিস্বরূপ আর্থিক বা অন্যরূপে পুরস্কার, পদক, ইত্যাদি প্রদান;
(ঙ) অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সুপারিশক্রমে মঞ্জুরি কমিশনের পূর্বানুমতি ও বাজেটে বরাদ্দ সাপেক্ষে এবং আচার্যের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক এবং অন্যান্য শিক্ষক, গবেষক ও কর্মচারীর পদ সৃষ্টি, বিলোপ বা সাময়িকভাবে স্থগিতকরণ;
(চ) সংশ্লিষ্ট বৎসরের জন্য বিশ্ববিদ্যালয়ের আর্থিক চাহিদার পূর্ণ বিবরণ প্রতি বৎসর মঞ্জুরি কমিশনের নিকট পেশ করিবে এবং পূর্ববর্তী বৎসরে মঞ্জুরি কমিশন বহির্ভূত উৎস হইতে প্রাপ্ত অর্থ সম্পদের বিবরণ প্রদান;
(ছ) বিশ্ববিদ্যালয়ের পক্ষে উইল, দান এবং অন্যবিধ হস্তান্তরকৃত স্থাবর ও অস্থাবর সম্পত্তি গ্রহণ;
(জ) অ্যাকাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে শিক্ষা লাভের জন্য বৃত্তি এবং সরকারের পূর্বানুমোদনক্রমে শিক্ষা সংক্রান্ত অন্যান্য পদ সৃষ্টি করিতে পারিবে এবং ঐ সকল পদে নিয়োগ প্রদান;
(ঝ) অ্যাকাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে এবং আচার্যের পূর্বানুমোদনক্রমে নূতন ইনস্টিটিউট, অনুষদ, বিভাগ, ইত্যাদি প্রতিষ্ঠা, বিলোপ বা সাময়িকভাবে কার্যক্রম স্থগিতকরণ এবং শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টিকরণ;
(ঞ) সরকার হইতে প্রাপ্ত মঞ্জুরি ও নিজস্ব উৎস হইতে প্রাপ্ত আয়ের সহিত সামঞ্জস্য রাখিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা এবং বার্ষিক বাজেট বিবেচনা ও অনুমোদন এবং বার্ষিক সম্ভাব্য ব্যয়ের প্রস্তাব বিবেচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণ;
(ট) বিশ্ববিদ্যালয়ের আর্থিক প্রয়োজন নিরূপণ, সম্পত্তি অর্জন ও তহবিল সংগ্রহ, উহা অধিকারে রাখা এবং নিয়ন্ত্রণ ও পরিচালনা;
(ঠ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী নিয়োগ ও তাহাদের দায়িত্ব ও চাকরির শর্তাবলি নির্ধারণ;
(ড) অর্থ সংক্রান্ত বিষয়ে অর্থ কমিটির পরামর্শ গ্রহণ;
(ঢ) শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থার জন্য হল স্থাপন, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা;
(ণ) শিক্ষার্থীদের শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং তাহাদের স্বাস্থ্য, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়ন এবং সাধারণ কল্যাণ সাধন;
(ত) শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও সম্প্রসারণ প্রতিষ্ঠান হিসাবে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে কৃষি বিজ্ঞানের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রচলিত অন্যান্য ক্ষেত্রে চর্চা, অগ্রগতি ও উন্নতি সাধনের উদ্দেশ্যে যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;
(থ) বিশ্ববিদ্যালয়ের সাধারণ সিলমোহরের আকার নির্ধারণ এবং উহার হেফাজতের ব্যবস্থা ও ব্যবহার পদ্ধতি নিরূপণ;
(দ) বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য ও কার্যাবলির সহিত সংশ্লিষ্ট এইরূপ কোনো বিষয়ে বিধি এবং প্রবিধান প্রণয়ন করা, যে বিষয় সম্পর্কে এই আইন বা সংবিধিতে কোনো সুস্পষ্ট বিধান নাই; এবং
(ধ) এই আইন ও সংবিধিতে প্রদত্ত অন্যান্য কার্য সম্পাদন।