প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২১

( ২০২১ সনের ২০ নং আইন )

সংবিধি

৩৫।  (১) এই আইনের বিধান সাপেক্ষে, সংবিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোনো বিষয়ে বিধান প্রণয়ন করা যাইবে, যথা :¾

(ক)   উপাচার্যের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ;

(খ)    উপউপাচার্যের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ;

(গ)    ট্রেজারের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ;

(ঘ) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ইউনিট, বিভাগ, ইনস্টিটিউট, বিজনেস ইনকিউবেটর, গবেষণা কেন্দ্র, গবেষণা খামার, সম্প্রসারণ কেন্দ্র, অন্যান্য খামার এবং বহিরাঙ্গন কার্যক্রম কেন্দ্র স্থাপন, ব্যবস্থাপনা, সাময়িকভাবে স্থগিতকরণ, বিলোপ সাধন ও রক্ষণাবেক্ষণ এবং শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির বিধান নির্ধারণ;

(ঙ)    বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীগণের পদবি ও কর্মের পদমর্যাদা, ক্ষমতা, দায়িত্ব-কর্তব্য এবং শর্তাবলি নির্ধারণ;

(চ)    হল ও অন্যান্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং উহাদের রক্ষণাবেক্ষণ;

(ছ)    বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও ছাঁটাই সংক্রান্ত পদ্ধতি নির্ধারণ;

(জ)   বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য কর্মচারীর কল্যাণার্থে অবসরভাতা, যৌথবীমা, কল্যাণ তহবিল ও ভবিষ্য তহবিল গঠন;

(ঝ)    জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রখ্যাত ব্যক্তিগণের সম্মানে অধ্যাপক পদ (চেয়ার) প্রবর্তন;

(ঞ)   সম্মানসূচক ডিগ্রি প্রদান;

(ট)    শিক্ষা লাভের জন্য ফেলোশিপ, স্কলারশিপ, পুরস্কার ও পদক প্রবর্তন;

(ঠ)    গবেষণা কার্যক্রমের বিষয় ও ধরন নির্ধারণ;

(ড)    বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠন, ক্ষমতা ও কার্যাবলি নির্ধারণ;

(ঢ)    শিক্ষক ও গবেষকের পদ সৃষ্টি, বিলোপ বা সাময়িকভাবে স্থগিতকরণ সংক্রান্ত বিধান নির্ধারণ;

(ণ)    বিভিন্ন কমিটির গঠন ও কার্যাবলি নির্ধারণ;

(ত)    বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান অধিভুক্তকরণ;

(থ)    ডিগ্রি, ডিপ্লোমা ও অন্যান্য পাঠক্রমে ভর্তি ও পরীক্ষা গ্রহণ;

(দ)    রেজিষ্টারভুক্ত গ্র্যাজুয়েটদের রেজিষ্টার সংরক্ষণ; এবং

(ধ)    এই আইনের অধীন সংবিধি দ্বারা নির্ধারিত হইবে বা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয় নির্ধারণ।

(২) তফসিলে বর্ণিত সংবিধি বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি হইবে যাহা আচার্যের অনুমোদন সাপেক্ষে সংশোধন করা যাইবে।

(৩) সিন্ডিকেটের সুপারিশ সাপেক্ষে আচার্যের অনুমোদনক্রমে সংবিধি প্রণয়ন, সংশোধন ও বাতিল করা যাইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs