প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ জাতীয় আরকাইভস আইন, ২০২১

( ২০২১ সনের ২১ নং আইন )

সংজ্ঞা

২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-

(১) ‘অধিদপ্তর’ অর্থ ধারা ৩ এর উপ-ধারা (১) এর অধীন প্রতিষ্ঠিত আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর;

(২) ‘উপদেষ্টা পরিষদ’ অর্থ ধারা ৫ এর অধীন গঠিত উপদেষ্টা পরিষদ;

(৩) ‘জাতীয় আরকাইভস’ অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় আরকাইভস;

(৪) ‘দায়িত্বপ্রাপ্ত কর্মচারী’ অর্থ কোনো সরকারি অফিসের ক্ষেত্রে উক্ত অফিসের প্রধান অথবা সাময়িকভাবে উক্ত অফিস প্রধানের দায়িত্ব ও কার্য সম্পাদনকারী ব্যক্তিও উহার অন্তর্ভুক্ত হইবে;

(৫) ‘পাণ্ডুলিপি’ অর্থ গ্রানাইট ব্যতীত কোনো কাগজ, ধাতব বা অন্য কোনো বস্তুর উপর হস্ত লিখিত, যান্ত্রিক বা অন্য কোনো পদ্ধতিতে প্রস্তুতকৃত কোনো রচনা বা দলিলপত্র;

(৬) ‘বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;

(৭) ‘ব্যক্তিগত আরকাইভস’ অর্থ সরকারি আরকাইভস ব্যতীত অন্যান্য রেকর্ড, পাণ্ডুলিপি, দলিলপত্র অথবা মুদ্রিত বস্তু;

(৮) ‘ব্যক্তিগত রেকর্ড’ অর্থ ব্যক্তিগত কার্যাবলি সম্পাদনের সময় গৃহীত, উৎপাদিত বা প্রস্তুতকৃত অন্যূন ৩০ (ত্রিশ) বৎসরের পুরাতন রেকর্ড, পাণ্ডুলিপি, দলিলপত্র বা নথিপত্র যাহার ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা সাংস্কৃতিক তাৎপর্য রহিয়াছে;

(৯) ‘মহাপরিচালক’ অর্থ আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এর মহাপরিচালক;

(১০) ‘সরকারি অফিস’ অর্থ তপশিলে বর্ণিত অফিসসমূহ;

(১১) ‘সরকারি আরকাইভস’ অর্থ জাতীয় আরকাইভসে স্থায়ী সংরক্ষণের জন্য রক্ষিত হইয়াছে অথবা জমা প্রদান করা হইয়াছে এইরূপ সকল সরকারি রেকর্ড এবং অন্য কোনো পাণ্ডুলিপি, দলিল অথবা মুদ্রিত বস্তু; এবং

(১২) ‘সরকারি রেকর্ড’ অর্থ সরকারি অফিস কর্তৃক অফিসের কার্যাবলি সম্পাদনের সময় গৃহীত, উৎপাদিত বা প্রস্তুতকৃত ২৫ (পঁচিশ) বা ততোধিক বৎসরের পুরাতন ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন প্রশাসনিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক তাৎপর্যসম্পন্ন যে কোনো মূল নথি, দলিলপত্র, পাণ্ডুলিপি, পত্রিকা, চিঠি, প্রতিবেদন, বহি, ম্যাগাজিন, পরিকল্পনা, নিবন্ধনবহি, মানচিত্র, চিত্র, ছবি, নকশা, তালিকা(chart), গেজেট, গেজেটিয়ার অথবা অন্য যে কোনো রেকর্ড বা উহার অংশবিশেষ যাহা গ্রানাইট ব্যতীত ধাতব বস্তু বা দলিল বা অন্য কোনো কিছুর উপর হস্ত লিখিত, অঙ্কিত বা মুদ্রিত এবং সরকারি অফিস কর্তৃক গৃহীত অডিও-ভিজুয়াল সামগ্রী, সিনেমাটোগ্রাফ, টেপ, রেকর্ডিং, ডিস্ক, ফিল্ম, ইত্যাদিও ইহার অন্তর্ভুক্ত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs