প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ জাতীয় আরকাইভস আইন, ২০২১

( ২০২১ সনের ২১ নং আইন )

মহাপরিচালকের ক্ষমতা ও দায়িত্ব

৮।  (১) মহাপরিচালক জাতীয় আরকাইভস এবং উহাতে রক্ষিত সরকারি ও ব্যক্তিগত আরকাইভসের দায়িত্বে থাকিবেন এবং তিনি সরকারি ও ব্যক্তিগত আরকাইভস সংরক্ষণের উদ্দেশ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করিবেন।

(২) উপ-ধারা (১) এর সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া,  মহাপরিচালকের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :¾

(ক) সরকারি আরকাইভসের জন্য সহায়ক হিসাবে আবশ্যক হইতে পারে এইরূপ তালিকা, সূচি, গাইড, পরিসংখ্যাপত্র (inventories), পঞ্জিকা, মূলপাঠ, অনুবাদ এবং অন্যান্য বিষয় সহজলভ্য ও প্রকাশ করা;

(খ) যে শর্ত সাপেক্ষে কোনো দলিল বা পান্ডুলিপি জাতীয় আরকাইভসে স্থানান্তরিত অথবা অর্জিত হইবে, সেই শর্তে তাহার হেফাজতে রক্ষিত কোনো সরকারি আরকাইভস উৎপাদন, সম্পাদনা, মুদ্রণ অথবা অন্য কোনো সরকারি কার্যে ব্যবহার করা;

(গ) সরকারি আরকাইভস গ্রহণ, পুনরুদ্ধার, সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা করা এবং প্রয়োজন মোতাবেক যে কোনো সরকারি আরকাইভসের আলোকচিত্রীয় প্রতিলিপি বা ডুপ্লিকেট প্রস্তুত করা;

(ঘ) জনসাধারণের জন্য উন্মুক্ত সরকারি আরকাইভস পরিদর্শনের ব্যবস্থা করা;

(ঙ) জাতীয় আরকাইভসে স্থায়ীভাবে সংরক্ষিত হওয়া সমীচীন এইরূপ কোনো রেকর্ড, পান্ডুলিপি বা দলিল দস্তাবেজ বা অন্য যে কোনো বস্তু ক্রয়, দান, উইল, চুক্তি, ধার বা অন্য কোনো উপায়ে অর্জন করা; 

(চ) বাংলাদেশ সম্পর্কিত কোনো বিষয় উল্লেখ রহিয়াছে বা যাহার উৎপত্তি বাংলাদেশে কিন্তু অবস্থান বাংলাদেশের বাহিরে এইরূপ কোনো রেকর্ড বা অন্য কোনো পান্ডুলিপি বা দলিল, যদি থাকে, ধার হিসাবে বা ক্রয়ের মাধ্যমে উহার মূল বা কোনো অনুলিপি প্রাপ্তির উদ্দেশ্যে পরীক্ষা করা;

(ছ) ব্যক্তিগত রেকর্ড সংগ্রহ তালিকাভুক্ত ও রেকর্ডভুক্ত করিবার উদ্দেশ্যে পরীক্ষা করা এবং উক্তরূপ রেকর্ডপত্র বা মুদ্রিত বস্তু সংরক্ষণের জন্য আবশ্যক হইতে পারে এইরূপ কারিগরি সাহায্য বা সহায়তা প্রদান করা;

(জ) জাতীয় আরকাইভসে বা জাতীয় আরকাইভসের প্রাঙ্গণ অথবা অন্য যে স্থানেই হউক, সংরক্ষিত রহিয়াছে এইরূপ যে কোনো শ্রেণির বা বর্ণনার সরকারি আরকাইভস ও ব্যক্তিগত আরকাইভস গণপ্রদর্শন বা ব্যাখ্যাসহ প্রদর্শনের ব্যবস্থা করা;

(ঝ) আরকাইভসে রক্ষিত রেকর্ডের বাৎসরিক পরিসংখ্যাপত্র হালনাগাদ করা; এবং

(ঞ) সরকার বা উপদেষ্টা পরিষদ কর্তৃক, সময় সময়, অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs