প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১০। (১) সরকারি রেকর্ড জমা রহিয়াছে এইরূপ যে কোনো স্থানে মহাপরিচালকের প্রবেশের অধিকার থাকিবে এবং উহার তালিকা বা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পরীক্ষা করিবার বা উহা জাতীয় আরকাইভসে স্থানান্তরপূর্বক স্থায়ীভাবে সংরক্ষণের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা থাকিবে।
(২) কোনো সরকারি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী বা অন্য কোনো ব্যক্তি কোনো সরকারি রেকর্ডের তত্ত্বাবধানে থাকিলে তাহার দায়িত্ব হইবে-
(ক) মহাপরিচালককে বা মহাপরিচালক কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মচারীকে সরকারি রেকর্ডসমূহ পরীক্ষা ও নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে সংরক্ষণ এবং উক্ত রেকর্ডসমূহ জাতীয় আরকাইভসে স্থানান্তর করিবার জন্য সকল প্রকার সহায়তা প্রদান;
(খ) মহাপরিচালক বা মহাপরিচালক কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মচারী কর্তৃক কোনো অফিস হইতে জাতীয় আরকাইভসে স্থানান্তরের জন্য নির্বাচিত যে কোনো শ্রেণি বা বর্ণনার সরকারি রেকর্ড স্থানান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট অফিসে উক্ত রেকর্ড নিরাপদ তত্ত্বাবধানে রাখা;
(গ) মহাপরিচালকের চাহিদা অনুসারে তাহার তত্ত্বাবধানে থাকা সরকারি রেকর্ড জাতীয় আরকাইভসে স্থানান্তরের জন্য নির্বাচন ও তালিকা প্রস্তুতির সহিত সংশ্লিষ্ট সকল দায়িত্ব সম্পাদন করা; এবং
(ঘ) মহাপরিচালকের চাহিদাক্রমে অন্যূন ২৫ (পঁচিশ) বৎসরের পুরাতন রেকর্ডপত্র স্থায়ীভাবে সংরক্ষণের জন্য জাতীয় আরকাইভসে স্থানান্তর করা :
তবে শর্ত থাকে যে, জাতীয় আরকাইভসে কোনো সরকারি রেকর্ডের স্থানান্তর সাময়িকভাবে মূলতবি রাখা যাইবে এবং এইরূপ রেকর্ড প্রশাসনিক বা অন্য কোনো প্রয়োজনে মহাপরিচালক ও দায়িত্বপ্রাপ্ত কর্মচারী যেইরূপ সম্মত হন সেইরূপ সময়ের জন্য সংশ্লিষ্ট অফিসে রক্ষিত হইবে এবং এইরূপ প্রতিটি ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী উক্তরূপে রক্ষিত রেকর্ডের তালিকা মহাপরিচালককে হস্তান্তর করিবেন :
আরও শর্ত থাকে যে, কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মচারী রেকর্ডসমূহ হস্তান্তর করিবার সময়ে যদি মনে করেন যে উক্ত রেকর্ডপত্র গোপনীয় বা গোপনীয় প্রকৃতির বা উহাতে এইরূপ তথ্য রহিয়াছে যাহা জনসাধারণের নিকট প্রকাশ করা উচিত নহে, তাহা হইলে সেই সকল অফিসের রেকর্ডপত্র জাতীয় আরকাইভসে রাখিবার এবং জনসাধারণের পরিদর্শনের বিষয়ে শর্ত আরোপ করিতে পারিবেন এবং মহাপরিচালক উক্ত শর্ত প্রতিপালন করিবেন।