প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
দ্বিতীয় অধ্যায়
প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, কার্যাবলি, বোর্ড, ইত্যাদি
৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, আদেশ দ্বারা, বয়লার বোর্ড নামে একটি বোর্ড গঠন করিবে।
(২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা :-
(ক) সচিব, শিল্প মন্ত্রণালয়, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন;
(খ) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক মনোনীত উক্ত বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপক;
(গ) সরকার কর্তৃক মনোনীত কোনো বয়লার ব্যবহারকারী সরকারি প্রতিষ্ঠান হইতে বয়লার সম্পর্কে অভিজ্ঞ একজন যন্ত্রপ্রকৌশলী;
(ঘ) বয়লার নির্মাণকারী পেশাজীবী সংগঠন কর্তৃক মনোনীত কোনো বয়লার নির্মাণকারী প্রতিষ্ঠান হইতে বয়লার সম্পর্কে অভিজ্ঞ একজন যন্ত্রপ্রকৌশলী;
(ঙ) বয়লার ব্যবহারকারী পেশাজীবী সংগঠন কর্তৃক মনোনীত কোনো বয়লার ব্যবহারকারী প্রতিষ্ঠান হইতে বয়লার সম্পর্কে অভিজ্ঞ একজন যন্ত্রপ্রকৌশলী;
(চ) সরকার কর্তৃক মনোনীত কোনো প্রাক্তন প্রধান বয়লার পরিদর্শক বা উপ-প্রধান বয়লার পরিদর্শক;
(ছ) সচিব কর্তৃক মনোনীত শিল্প মন্ত্রণালয়ের অন্যূন ১ (এক) জন যুগ্মসচিব; এবং
(জ) প্রধান বয়লার পরিদর্শক, যিনি ইহার সদস্য সচিবও হইবেন।
(৩) দফা (খ) হইতে (চ) তে বর্ণিত মনোনীত সদস্যগণের মেয়াদ হইবে ৩ (তিন) বৎসর :
তবে শর্ত থাকে যে, কোনো মনোনীত সদস্য সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পরিবেন :
আরও শর্ত থাকে যে, সরকার, প্রয়োজনে, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে যে কোনো সময় কারণ দর্শানো ব্যতিরেকে কোনো মনোনীত সদস্যকে অপসারণ করিতে পারিবে।
(৪) কোনো সদস্য পদের শূন্যতা বা বোর্ড গঠনে ত্রুটি থাকিবার কারণে বোর্ডের কোনো কার্য বা কার্যধারা অবৈধ হইবে না বা তৎসম্পর্কে কোনো আদালতে বা অন্য কোথাও কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না।
(৫) বোর্ডের সদস্যগণ বোর্ডের সভায় উপস্থিতির জন্য এবং তাহাদের কার্যপরিধিভুক্ত কোনো বিষয়ে পরিদর্শনের জন্য বিধি দ্বারা নির্ধারিত হারে সম্মানি প্রাপ্য হইবেন।