প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২

( ২০২২ সনের ০৮ নং আইন )

চতুর্থ অধ্যায়

ফি, মাশুল, ইজারা, ইত্যাদি

ভাড়া, ফি (fee), মাশুল, ইজারা, ইত্যাদির তপশিল

২২। (১) কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বন্দর ব্যবহারকারীগণের নিকট হইতে আদায়যোগ্য ভাড়া, টোল, রেইট, ফি বা মাশুলের তপশিল প্রণয়ন করিবে:

তবে শর্ত থাকে যে, যে সকল জাহাজ Port Act, 1908 (Act No. XV of 1908) এর তপশিল ১ অনুযায়ী বন্দরের পাওনা (port dues) পরিশোধ করিতে বাধ্য, সেই সকল জাহাজের ক্ষেত্রে এই ধারার অধীন প্রণীত তপশিলের বিধান প্রযোজ্য হইবে না।

(২) কর্তৃপক্ষ, উপ-ধারা (১) এর অধীন ক্ষমতা প্রয়োগের সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, বিশেষত নিম্নবর্ণিত সকল বা যেকোনো বিষয়ে ভাড়া, টোল, রেইট, ফি বা মাশুলের তপশিল প্রণয়ন করিতে পারিবে, যথা:-

(ক) সমুদ্রগামী বা সমুদ্রগামী নহে এইরূপ জাহাজ হইতে কোনো পণ্য বন্দর সীমানার মধ্যে এবং কোনো প্রতিষ্ঠান বা সংস্থা কর্তৃক নির্মিত ডক, বার্থ, জেটি, টার্মিনাল, সিএফএস ও নোঙরস্থানে খালাস বা উক্ত স্থান হইতে জাহাজে বোঝাইকরণ;

ব্যাখ্যা।- এই দফায় ‘সিএফএস (কন্টেইনার ফ্রেইট স্টেশন)’ অর্থ যাহাতে কন্টেইনার হ্যান্ডলিং সুবিধাদি সংবলিত কাস্টমস বন্ডেড ওয়্যার হাউজ অথবা এরিয়া যেই স্থানে প্রধানত রপ্তানিজাত পণ্য পরীক্ষা ও খালি কন্টেইনার স্টাফিং করা হয়, কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নির্দিষ্ট আমদানি পণ্য সিল্ড (sealed) কন্টেইনারে পরিবহণ ও খালাস প্রদান করা হয় অথবা উক্ত এক বা একাধিক ধরনের কার্যাবলি পরিচালনা করা হয়;

(খ) দফা (ক) তে উল্লিখিত জাহাজ কর্তৃক উক্ত ডক, জেটি বা নোঙরস্থান ব্যবহার;

(গ) কর্তৃপক্ষের আওতায় থাকা কোনো স্থান বা প্রাঙ্গণের পণ্য সংরক্ষণ বা গুদামজাতকরণ;

(ঘ) পণ্য অপসারণ;

(ঙ) কর্তৃপক্ষ বা উহার কর্মচারী কর্তৃক কোনো জাহাজ বা পণ্যের জন্য প্রদত্ত সেবা;

(চ) কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোনো পূর্তকার্য, যন্ত্র বা সরঞ্জামাদির ব্যবহার;

(ছ) কর্তৃপক্ষের মালিকানাধীন বা ভাড়াকৃত জাহাজের মাধ্যমে পরিবাহিত পণ্য, যাত্রী এবং তাহাদের ব্যক্তিগত দ্রব্যাদি পরিবহন; এবং

(জ) জাহাজকে ঘুরানো বা টানিয়া লওয়া (towing) এবং বন্দর সীমানা বা বন্দর সীমানার বাহিরে জীবন ও সম্পদ রক্ষা করিবার উদ্দেশ্যে কোনো নৌযান, টাগ, নৌকা বা যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সহায়তা প্রদান ।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs