প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
চতুর্থ অধ্যায়
ফি, মাশুল, ইজারা, ইত্যাদি
৩১। (১) কোনো পণ্যের মালিক উক্ত পণ্যের দাবি পেশ বা খালাসের নিমিত্ত বন্দরে উপস্থিত হইতে ব্যর্থ হইলে বা উক্ত পণ্যের জন্য আদায়যোগ্য ফি, টোল, রেইট ও মাশুল পরিশোধ করিবার পর বন্দর হইতে উহা খালাস না করিলে উক্ত পণ্য কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আসিবার দিন হইতে ৩০ (ত্রিশ) দিন অতিবাহিত হইবার পর সরাইয়া লইবার জন্য পণ্যের মালিককে নোটিশ প্রদান করিবে:
তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে পণ্য সংশ্লিষ্ট সকল পাওনা পরিশোধ করা হইয়াছে, সেইক্ষেত্রে পণ্য কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আসিবার দিন হইতে ৪৫ (পয়ঁতাল্লিশ) দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত উক্ত নোটিশ প্রদান করা যাইবে না।
(২) যেক্ষেত্রে মালিকানা অজ্ঞাত বা যুক্তিসংগত কারণে মালিক বরাবর নোটিশ জারি করা সম্ভব হয় নাই বা নোটিশ প্রাপ্তির পর তিনি উহা মান্য (comply) করেন নাই সেইক্ষেত্রে উক্ত পণ্য কর্তৃপক্ষের জিম্মায় (custody) নেওয়ার ৪৫ (পঁয়তাল্লিশ) দিন অতিবাহিত হইবার পর কর্তৃপক্ষ উহা প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রয় করিতে পারিবে:
তবে শর্ত থাকে, যথাযথ কারণ বা পরিস্থিতিতে উপ-ধারা (১) এর অধীন ব্যবস্থা গ্রহণ করা সম্ভব না হইলে, উক্ত পণ্য কর্তৃপক্ষের জিম্মায় (custody) নেওয়ার ৪৫ (পঁয়তাল্লিশ) দিন অতিবাহিত হইবার পর শুল্ক বিভাগ উহা নিজস্ব স্থানে স্থানান্তর করিতে পারিবে।
(৩) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেকোনো পণ্য বা যেকোনো শ্রেনির পণ্যকে এই ধারার প্রয়োগ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।