প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন আইন, ২০২২

( ২০২২ সনের ১৯ নং আইন )

সংজ্ঞা

২। বিষয় প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-

(১) “কর্পোরেশন” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা);

(২) “কমিশন” অর্থ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন;

(৩) “খনিজসম্পদ” অর্থ এইরূপ বস্তু যাহা সাধারণত প্রাকৃতিকভাবে ভূ-ত্বকের অংশ হিসাবে পাওয়া যায় বা ভূ-ত্বকের মধ্যস্থিত বা উপরিস্থ পানিতে দ্রবণীয় বা নিলম্বিত থাকে, বা উক্তরূপ বস্তু হইতে নিষ্কাশন করা যায়, এবং নিম্নবর্ণিত বস্তুসমূহও ইহার অন্তর্ভুক্ত হইবে, যথা:-

(ক) সিরামিক, রিফ্রেক্টরি ও শোষণক্ষম সম্পর্কিত জিনিস তৈরিতে ব্যবহৃত ক্লে;

(খ) কাঁচ তৈরির মূল উপাদান তথা রং, ইট, পানির ফিল্টারসহ নির্মাণ শিল্পে ব্যবহৃত সিলিকাবালু;

(গ) অক্ষত, খণ্ডিত ও স্লাব আকারে ব্যবহৃত বালু, নুড়িপাথর বা শিলা;

(ঘ) সকল প্রকার চুনাপাথর এবং আকরিক;

(ঙ) পিটসহ সকল প্রকার কয়লা;

(চ) কয়লা বা শেইল (Shale) খনন, নিষ্কাশন বা উৎপাদন কাজের সহিত সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং কয়লা খনন কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় মিথেন (methane) গ্যাস;

(ছ) কয়লা বা শেইল প্রাপ্তিস্থানে উক্ত পদার্থের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নিষ্কাশিত বা উৎপাদিত খনিজ তেল বা গ্যাসীয় পদার্থ;

তবে নিম্নবর্ণিত বস্তুসমূহ ইহার অন্তর্ভুক্ত হইবে না, যথা :-

(অ) জীবিত কোনো বস্তু;

(আ) সামুদ্রিক পানি হইতে নিষ্কাশিত লবণ;

(ই) পানি;

(ঈ) পেট্রোলিয়াম আইন, ২০১৬ (২০১৬ সনের ৩২ নং আইন) এর ধারা ২ এর দফা (৯) এ সংজ্ঞায়িত পেট্রোলিয়াম; ও

(উ) প্রাকৃতিক গ্যাস।

(৪) “গ্যাস” অর্থ প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক তরল গ্যাস, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, সংকুচিত প্রাকৃতিক গ্যাস, কৃত্রিম প্রাকৃতিক গ্যাস, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, কোল বেড মিথেন, ভূ-গর্ভস্থ কয়লা গ্যাসে রূপান্তর অথবা স্বাভাবিক তাপমাত্রা ও চাপে গ্যাসে রূপান্তরিত হয় এইরূপ প্রাকৃতিক হাইড্রোকার্বনের মিশ্রণ;

(৫) “চেয়ারম্যান” অর্থ কর্পোরেশনের চেয়ারম্যান;

(৬) “তপশিলি ব্যাংক” অর্থ Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972) এর Article 2 এর clause (j) তে সংজ্ঞায়িত Scheduled Bank;

(৭) “তহবিল” অর্থ ধারা ১৯ এ বর্ণিত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) তহবিল;

(৮) “পরিচালনা পর্ষদ” অর্থ ধারা ৯ এর অধীন গঠিত পরিচালনা পর্ষদ;

(৯) “পরিচালক” অর্থ কর্পোরেশনের কোনো পরিচালক;

(১০) “পেট্রোলিয়াম” অর্থ প্রাকৃতিকভাবে বিদ্যমান গ্যাসীয় বা তরল বা কঠিন অবস্থায় সকল হাইড্রোকার্বন অথবা উহাদের সংমিশ্রণ বা উপজাত এবং প্রক্রিয়াকৃত বা প্রক্রিয়াকৃত নহে এইরূপ হাইড্রোকার্বনও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(১১) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;

(১২) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; এবং

(১৩) “সদস্য” অর্থ পরিচালনা পর্ষদের সদস্য।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs