প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৮। (১) কেন্দ্রের পরিচালনা, প্রশাসন এবং সাধারণ দিক-নির্দেশনা বোর্ডের উপর ন্যস্ত থাকিবে।
(২) উপধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, বিশেষত, বোর্ডের নিম্নলিখিত ক্ষমতা ও কার্যাবলি থাকিবে, যথা :-
(ক) কেন্দ্রের মৌলিক নীতিসমূহ নির্ধারণ;
(খ) কেন্দ্রের সার্বিক কার্যাবলি তত্ত্বাবধান;
(গ) কেন্দ্রের পরিচালনা কৌশল অনুমোদন;
(ঘ) কেন্দ্রের বাজেট পরীক্ষা এবং অনুমোদন;
(ঙ) নির্বাহী পরিচালক ও উপনির্বাহী পরিচালক নির্বাচন ও নিয়োগ প্রদান এবং তাহাদের চাকরি হইতে অপসারণ;
(চ) আর্থিক সহায়তা প্রদানকারী সংস্থা, সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানের নিকট হইতে অনুদান গ্রহণ এবং অনুদান প্রাপ্তির বিষয় যথাযথ সরকারি সংস্থাসমূহকে অবহিতকরণ;
(ছ) কেন্দ্রকে, প্রয়োজনে, ঋণ গ্রহণ এবং ঋণের পরিমাণ বৃদ্ধি করিবার ক্ষমতা প্রদান;
(জ) কেন্দ্রের কার্যাবলি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উহার অধীনস্থ গবেষণা, শিক্ষা, প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা উপকেন্দ্র স্থাপন;
(ঝ) কেন্দ্রের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নীতিমালা, গাইডলাইন, ম্যানুয়েল, নির্দেশিকা, ইত্যাদি প্রণয়ন;
(ঞ) কেন্দ্রের সকল আন্তর্জাতিক পর্যায়ের পদ সৃজন এবং উক্ত পদসমূহে নিয়োগ অনুমোদন;
(ট) কেন্দ্রের চাকরি প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত কর্মচারী নিয়োগ নীতি ও প্রাকটিস নির্ধারণ;
(ঠ) কেন্দ্রের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম পরিচালনা বা সম্পাদন; এবং
(ড) পরবর্তী বোর্ড গঠনে ধারা ৭(১)(ঘ) অনুযায়ী সদস্য মনোনয়ন।