প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ, আইন, ২০২২

( ২০২২ সনের ২১ নং আইন )

কর, মূসক, রেইট এবং শুল্ক হইতে অব্যাহতি

১৬। (১) প্রচলিত কর, মূসক, রেইট অথবা শুল্ক সংক্রান্ত কোনো আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, কেন্দ্রের নামে কোনো প্রকার স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা সেবা ক্রয় অথবা অন্য কোনো উপায়ে হস্তান্তরজনিত কারণে, অন্য ব্যক্তি কর্তৃক পরিশোধযোগ্য কর, মূসক, রেইট অথবা শুল্ক ব্যতীত এবং সাধারণ উপযোগিতামূলক সেবা (Public Utilities) যথা- পানি, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন এবং পৌর কর ব্যতীত, কেন্দ্রের উপর কোনো প্রকার কর, মূসক, রেইট বা শুল্কের দায়বদ্ধতা বর্তাইবে না।

(২) Income-tax Ordinance, 1984 (Ord. No. XXXVI of 1984) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) বা তৎসংশ্লিষ্ট আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, কেন্দ্রের কার্যাবলি, সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত কেন্দ্র কর্তৃক নিযুক্ত এবং বাংলাদেশে কর্মরত বাংলাদেশি নহেন এমন সকল বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী এবং গবেষণা বিশেষজ্ঞ (Research Scholars) তাহাদের কর্তৃক প্রাপ্ত বা প্রাপ্ত হিসাবে গণ্য যে কোনো প্রকার বেতন বা সম্মানির উপর প্রদেয় আয়কর এবং মূসক হইতে অব্যাহতি প্রাপ্ত হইবেন, যদি উক্ত ব্যক্তির বেতন বা সম্মানি তাহার নিজ দেশের নিবাসস্থল বা স্থায়ী বাসস্থান হইতে আয়কর এবং মূসক অব্যাহতি প্রাপ্ত হয় এবং তৎসংক্রান্ত দালিলিক প্রমাণ বাংলাদেশের আয়কর কর্তৃপক্ষের নিকট পেশ করা হয়।

(৩) উপ-ধারা (২) এ বর্ণিত ব্যক্তি নিজের দৈনন্দিন জীবনে ব্যবহার্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানির ক্ষেত্রে, সেই সকল ব্যক্তির সমতুল্য সুযোগ-সুবিধা ভোগ করিবেন যাহারা আন্তর্জাতিক চুক্তির অধীন বিদেশি বিশেষজ্ঞ, কারিগরি বা পরামর্শক হিসাবে বাংলাদেশে কর্মরত রহিয়াছেন এবং প্রচলিত আইন অনুসারে আমদানি শুল্ক এবং বিক্রয় কর হইতে অব্যাহতি সংক্রান্ত সুযোগ-সুবিধা ভোগ করেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs