প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১২। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে Chittagong Shahi Jame Masjid Ordinance, 1986 (Ordinance No. II of 1986), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, রহিত হইবে।
(২) উপ-ধারা (১) এর অধীন উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও, উক্ত Ordinance এর অধীন-
(ক) মসজিদের উদ্দেশ্যে অধিগ্রহণকৃত এবং ফাউন্ডেশনে হস্তান্তরিত ও ন্যস্ত তপশিলে বর্ণিত ভূমি এবং উহার উপরিস্থিত সকল প্রকার ইমারত, কাঠামো ও স্থাপনা মসজিদের সম্পত্তি বলিয়া গণ্য হইবে;
(খ) ফাউন্ডেশনের অনুকূলে হস্তান্তরিত ও ন্যস্ত সকল অস্থাবর সম্পত্তি, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, প্রাধিকার এবং সকল দান, অনুদান, নগদ অর্থ ও ব্যাংক-স্থিতি, সকল বিনিয়োগ এবং এইরূপ সম্পত্তি হইতে উদ্ভূত সকল অধিকার ও আয় মসজিদের বলিয়া গণ্য হইবে;
(গ) কৃত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা বৈধভাবে কৃত, গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে;
(ঘ) সৃষ্ট ঋণ, দায়, মসজিদের সহিত সম্পাদিত চুক্তি এই আইনের অধীন ফাউন্ডেশনের ঋণ, দায়, চুক্তি বলিয়া গণ্য হইবে;
(ঙ) ফাউন্ডেশন কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত কোনো মামলা বা গৃহীত কোনো কার্য বা ব্যবস্থা অনিষ্পন্ন বা চলমান থাকিলে উহা উক্ত Ordinance এর অধীন এইরূপভাবে নিষ্পত্তি করিতে হইবে যেন উহা রহিত করা হয় নাই;
(চ) প্রণীত কোনো বিধি বা প্রবিধান, যদি থাকে, প্রদত্ত কোনো মঞ্জুরি, জারিকৃত কোনো প্রজ্ঞাপন, প্রদত্ত কোনো আদেশ, নির্দেশ বা অনুমোদন এবং রক্ষিত কোনো হিসাব উপ-ধারা (১) এর অধীন রহিতের অব্যবহিত পূর্বে বলবৎ থাকিলে, এই আইনের কোনো বিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ না হওয়া সাপেক্ষে, এই আইনের অনুরূপ বিধানের অধীন প্রণীত, প্রদত্ত, জারিকৃত, অনুমোদিত ও রক্ষিত বলিয়া গণ্য হইবে এবং এই আইনের অধীন রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত কার্যকর থাকিবে;
(ছ) ফাউন্ডেশনে ন্যস্তকৃত কর্মকর্তা-কর্মচারী এই আইন প্রবর্তনের অব্যবহিতপূর্বে যে শর্তাধীনে চাকরিতে নিয়োজিত ছিলেন সেই একই শর্তে চাকরিতে নিয়োজিত থাকিবেন।