প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ২৫ নং আইন )

তৃতীয় অধ্যায়

শিল্পপার্ক ও শিল্পনগরী প্রতিষ্ঠা, ডেভেলপার নিয়োগ, ইত্যাদি

কর্পোরেশনের বিশেষ অধিকার

২৭। কর্পোরেশনের নিম্নবর্ণিত বিশেষ অধিকার থাকিবে, যথা:-

(১) শিল্পপার্ক বা শিল্পনগরীর কোনো কোম্পানি, শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট কর্পোরেশনের কোনো পাওনা অপরিশোধিত থাকিলে, উক্ত কোম্পানি, শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক, পরিচালক বা পরিচালনা পর্ষদ চুক্তি অনুযায়ী তাহার বা তাহাদের ব্যক্তিগত সম্পদ হইতে উক্তরূপ দেনা পরিশোধের জন্য দায়ী হইবেন এবং উক্তরূপ দেনা পরিশোধে ব্যর্থতার ক্ষেত্রে কর্পোরেশন উহার পাওনা আদায়ের জন্য উক্ত কোম্পানি, শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক, পরিচালক বা পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কার্যধারা গ্রহণ করিতে পারিবে;

(২) কোনো শিল্পপার্ক বা শিল্পনগরীর কোনো কোম্পানি, শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের কোনো শ্রমিক, কর্মচারী, নির্বাহী বা ব্যবস্থাপক যদি এমন কোনো কার্যের সহিত জড়িত থাকে বা এমন কোনো কার্যে প্ররোচনা প্রদান করে, যাহার ফলে কোনো শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে কোনো শ্রমিক অসন্তোষ, ধর্মঘট বা লক আউট এর উদ্ভব হয়, তাহা হইলে কর্পোরেশন উক্তরূপ শিল্প প্রতিষ্ঠানকে উহার সংশ্লিষ্ট শ্রমিক, কর্মচারী, নির্বাহী বা ব্যবস্থাপককে বরখাস্ত করাসহ নির্ধারিত সময়ের জন্য উক্ত শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখিবার জন্য নির্দেশ দিতে পারিবে এবং তজ্জন্য কর্পোরেশন কোনো ক্ষতিপূরণ প্রদান করিতে বাধ্য থাকিবে না; এবং

(৩) যদি শিল্পপার্ক বা শিল্পনগরীতে অবস্থিত কোনো শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্পোরেশনের বকেয়া পাওনা, অন্যান্য পাওনা এবং দায়-দেনা পরিশোধ করিতে ব্যর্থ হয়, তাহা হইলে কর্পোরেশন এককভাবে উক্ত প্রতিষ্ঠানের মেশিনপত্র, যন্ত্রপাতি, কাঁচামাল অথবা অন্য কোনো পণ্য অপসারণক্রমে উহা, গণপূর্ত অধিদপ্তরের নির্ধারিত হারে মূল্যায়নপূর্বক, অন্য কোনো শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বরাদ্দ প্রদান করিয়া বা বিক্রয় করিয়া উক্ত বকেয়া আদায় করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs