প্রিন্ট
সপ্তম অধ্যায়
ঔষধের আমদানি ও রপ্তানিতে বিধি-নিষেধ
৪১। (১) লাইসেন্স ব্যতীত বা লাইসেন্সে আরোপিত শর্ত বহির্ভূতভাবে কোনো ধরনের ঔষধ আমদানি করা যাইবে না।
(২) লাইসেন্সিং কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে কোনো ধরনের নিবন্ধিত ঔষধ আমদানি করা যাইবে না।
(৩) লাইসেন্সিং কর্তৃপক্ষ, আমদানির উদ্দেশ্যে, মানুষ বা প্রাণির ব্যবহারের জন্য কোনো ধরনের ঔষধের নিবন্ধন বা লাইসেন্স প্রদান করিবে না, যদি না উক্ত ঔষধ একই ব্র্যান্ড নামে ঐ সকল দেশে নিবন্ধিত হইয়া থাকে, যে সকল দেশের তালিকা সরকার কর্তৃক, সময় সময়, প্রকাশিত হইয়া থাকে।
(৪) এই ধারার কোনো কিছুই, নির্ধারিত শর্ত সাপেক্ষে, পরীক্ষা, বিশ্লেষণ, গবেষণা বা ব্যক্তিগত ব্যবহারের জন্য স্বল্প পরিমাণে ঔষধ আমদানির ক্ষেত্রে এবং জাতীয় সংকট মোকাবিলার জন্য যে কোনো ধরনের ঔষধ আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।
(৫) অধিদপ্তর, আমদানিযোগ্য ঔষধ নিবন্ধনের ক্ষেত্রে, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি) যাচাইয়ের নিমিত্ত, প্রয়োজনে, উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন প্রিমিসেস পরিদর্শন করিতে পারিবে।
(৬) উপধারা (৫) এ উল্লিখিত পরিদর্শন সংক্রান্ত যাবতীয় ব্যয় উৎপাদনকারী প্রতিষ্ঠান সরকার কর্তৃক, সময় সময়, বিধি বা আদেশ দ্বারা, নির্ধারিত হারে প্রদান করিবে।
৪২। (১) লাইসেন্সিং কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে, নিবন্ধনকৃত ঔষধ উৎপাদনের কাঁচামাল বা ঔষধের প্যাকেজিং ম্যাটেরিয়াল, স্থানীয়ভাবে সংগ্রহ বা আমদানি করা যাইবে না।
(২) লাইসেন্সিং কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে, ঔষধ উৎপাদনের জন্য কোনো ধরনের অর্ধ প্রস্তুত (Semi Finished) ঔষধ অথবা অন্য কোনো প্রয়োজনীয় উপাদান বা উপকরণ আমদানি করা যাইবে না।
(৩) অধিদপ্তর, আমদানিযোগ্য ঔষধ উৎপাদনের কাঁচামাল ও ঔষধের প্যাকেজিং ম্যাটেরিয়াল নিবন্ধনের ক্ষেত্রে, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (জিএমপি) যাচাইয়ের নিমিত্ত, প্রয়োজনে, উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন প্রিমিসেস পরিদর্শন করিতে পারিবে।
(৪) উপধারা (৩) এ উল্লিখিত পরিদর্শন সংক্রান্ত যাবতীয় ব্যয় উৎপাদনকারী প্রতিষ্ঠান সরকার, কর্তৃক, সময় সময়, বিধি বা আদেশ দ্বারা, নির্ধারিত হারে প্রদান করিবে।
৪৩। (১) লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত লাইসেন্স ব্যতীত কোনো প্রকারের ঔষধ রপ্তানি করা যাইবে না।
(২) লাইসেন্সিং কর্তৃপক্ষ, রপ্তানির উদ্দেশ্যে, যে কোনো প্রকারের ঔষধ নিবন্ধন করিতে পারিবে।
(৩) এই ধারায় ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, লাইসেন্সিং কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে, গবেষণা, বিশ্লেষণ বা ব্যক্তিগত ব্যবহারের জন্য স্বল্প পরিমাণে যে কোনো ধরনের ঔষধ রপ্তানি বা দেশের বাহিরে প্রেরণের ক্ষেত্রে উপ-ধারা (১) ও (২) এর বিধান প্রযোজ্য হইবে না।