প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩

( ২০২৩ সনের ২৯ নং আইন )

ষষ্ঠ অধ্যায়

ঔষধের আদর্শ মান এবং মিসব্র্যান্ডেড, নকল ও ভেজাল ঔষধ বা কসমেটিকস্, ইত্যাদি

ঔষধের আদর্শ মান

৩৬। (১) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, আদর্শ মানের নহে এইরূপ কোনো নিম্নমানের ঔষধ উৎপাদন, বিক্রয়, মজুত, বিতরণ, বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন বা আমদানি করিতে পারিবেন না।

(২) কোনো ব্যক্তি আদর্শ মানের নহে এইরূপ কোনো নিম্নমানের বিক্রীত ঔষধের মানের বিষয়ে, স্বত্বাধিকারী অথবা প্রতিনিধি হিসাবে, ক্রেতাগণকে জ্ঞাতসারে উক্ত ঔষধ সেবন বা ব্যবহারের ফলে কোনো ক্ষতি হইবে না এবং তদ্দ্বারা এই আইনের কোনো বিধান লঙ্ঘিত হইবে না মর্মে নিশ্চয়তা প্রদান করিতে পারিবেন না।

(৩) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে আদর্শ মান অর্থ-

(ক) ইউনানী, আয়ূর্বেদিক, হোমিওপ্যাথিক ও বায়োকেমিক বা হারবাল ঔষধসহ যে কোনো ঔষধের ক্ষেত্রে, সরকার কর্তৃক নির্ধারিত আদর্শ মান; এবং

(খ) অন্যান্য ঔষধের ক্ষেত্রে, অফিসিয়াল কমপেনডিয়ার সর্বশেষ ৫(পাঁচ) টি সংস্করণে বর্ণিত মান অথবা, অফিসিয়াল কমপেনডিয়ায় কোনো ঔষধের সুনির্দিষ্ট মনোগ্রাফ পাওয়া না গেলে, মান স্থিরীকরণের ক্ষেত্রে অফিসিয়াল কমপেনডিয়ায় বর্ণিত সাধারণ নির্দেশিকা বা উদ্ভাবক প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত স্পেসিফিকেশন।

ব্যাখ্যা: এই ধারায় উল্লিখিত “অফিসিয়াল কমপেনডিয়া” অর্থ ব্রিটিশ ফার্মাকোপিয়া ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, ইউনাইটেড স্টেটস ন্যাশনাল ফরমুলারি, ইউরোপিয়ান ফার্মাকোপিয়া বা স্বীকৃত আন্তর্জাতিক ফার্মাকোপিয়া।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs