প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
দ্বিতীয় অধ্যায়
কাউন্সিল প্রতিষ্ঠা, কার্যাবলি, সভা, ইত্যাদি
১১। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কাউন্সিলের ক্ষমতা ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-
(ক) দেশি ও বিদেশি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এই আইনের অধীন অ্যাক্রেডিটেশন সনদ প্রদান ও নবায়ন এবং সনদ প্রত্যাখ্যান, স্থগিতকরণ ও বাতিলকরণ;
(খ) চিকিৎসা শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদানে আন্তর্জাতিক স্বীকৃত মানদণ্ড অনুযায়ী শর্ত নির্ধারণ এবং উক্ত শর্তের মানোন্নয়ন;
(গ) বাংলাদেশের চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মানদন্ড পর্যালোচনা এবং উক্ত কার্যক্রম উন্নত করিবার লক্ষ্যে শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ, অধ্যায়ন এবং গবেষণা পরিচালনা;
(ঘ) অ্যাক্রেডিটেশনের মানদণ্ড নির্ধারণ, অ্যাক্রেডিটেশনের জন্য আবেদনকারী চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্মূল্যায়ন প্রতিবেদন প্রণয়ন, পরামর্শ আহ্বান, প্রশিক্ষণ গ্রহণ ও পরিদর্শনসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ;
(ঙ) চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অ্যাক্রেডিটেশন হ্যান্ডবুক, গাইডলাইন, ফ্রেমওয়ার্ক ও ক্ষেত্র নির্ণয় এবং উহাদের উন্নয়ন;
(চ) চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাক্রেডিটেশন সনদ প্রদানে প্রাক্জরিপ সম্পাদন;
(ছ) চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাক্রেডিটেশন সংক্রান্ত যাবতীয় তথ্য ও উপাত্ত সংবলিত নিবন্ধন বহি প্রস্তুত ও সংরক্ষণ;
(জ) চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাক্রেডিটেশন সনদ প্রদানের মানদণ্ড নির্ধারণে ‘সেন্টার অব রেফারেন্স’ হিসাবে কার্য সম্পাদন;
(ঝ) অ্যাক্রেডিটেশন কার্যক্রমে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষতা নিশ্চিতকরণ;
(ঞ) অ্যাক্রেডিটেশনের ক্ষেত্রে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা প্রদান ও গ্রহণ;
(ট) অ্যাক্রেডিটেশন বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ সৃষ্টি, অ্যাক্রেডিটেশন কর্মকান্ডের উন্নয়ন, প্রশিক্ষণের ব্যবস্থা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন, গবেষণা কার্যক্রমের মানোন্নয়ন এবং অ্যাক্রেডিটেশন বিষয়ক তথ্যাদির বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ;
(ঠ) সরকারের অনুমোদনক্রমে কাউন্সিলের জনবল নিয়োগ এবং কর্মচারীদের দায়িত্ব, ক্ষমতা, পারিশ্রমিক, ভাতা, সম্মানি, সুবিধা, আচরণবিধি ও শৃঙ্খলামূলক ব্যবস্থাসহ চাকুরির শর্ত নির্ধারণ;
(ড) সরকারের নিকট অ্যাক্রেডিটেশন প্রতিবেদন পেশ, প্রয়োজনে পরামর্শ গ্রহণ ও প্রদান এবং সরকার কর্তৃক নির্দেশিত অন্যান্য কার্য সম্পাদন;
(ঢ) অ্যাক্রেডিটেশন সংক্রান্ত প্রতিবেদন, রিটার্ন, বিবৃতি, প্রাতিষ্ঠানিক নিরীক্ষা ও মূল্যায়ন সম্পর্কিত তথ্য গ্রহণ ও পরিবীক্ষণ;
(ণ) প্রাতিষ্ঠানিক নিরীক্ষা পরিচালনা; এবং
(ত) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রয়োজনীয় অন্যান্য কার্য সম্পাদন।
(২) কাউন্সিল উহার সামগ্রিক কর্মকান্ডের জন্য সরকারের নিকট দায়ী থাকিবে।