প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
তৃতীয় অধ্যায়
অ্যাক্রেডিটেশন সনদ, ইত্যাদি
১৬। (১) কোনো চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশনের জন্য প্রথমে নিজস্ব জরিপ সম্পন্ন করিতে হইবে এবং পরবর্তীকালে কাউন্সিল কর্তৃক প্রাক্জরিপ ও আনুষ্ঠানিক জরিপ সম্পন্ন করত উহার প্রতিবেদন কাউন্সিলের নিকট দাখিল করিতে হইবে।
(২) অ্যাক্রেডিটেশনের জন্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানকে, প্রবিধান দ্বারা নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে, কাউন্সিলের নিকট আবেদন করিতে হইবে।
(৩) চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক অ্যাক্রেডিটেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে কাউন্সিল-
(ক) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সংশ্লিষ্ট চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান এবং উক্ত প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক জরিপ প্রতিবেদন পর্যালোচনাসহ চিকিৎসা শিক্ষা কার্যক্রম ও আনুষঙ্গিক তথ্যাবলি, প্রয়োজনে, পরীক্ষা-নিরীক্ষা ও অনুসন্ধান করিবে;
(খ) অ্যাক্রেডিটেশনের জন্য প্রয়োজনে অধিকতর তথ্য যাচনা করিতে পারিবে;
(গ) তথ্যের অসংগতি, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, শিক্ষা কার্যক্রমের মান অনুত্তীর্ণসহ অন্যান্য অযোগ্যতা প্রতীয়মান হইলে আবেদন বাতিল করিতে পারিবে;
(ঘ) প্রবিধান দ্বারা নির্ধারিত শর্তাবলি পূরণ করিবার জন্য আবেদনকারীকে সুযোগ প্রদান করা সমীচীন মনে হইলে উক্ত শর্তাবলি পূরণ ও মানোন্নয়নের জন্য আবেদনকারীকে উহার আলোকে প্রয়োজনীয় সময় প্রদান করিবে; এবং
(ঙ) অ্যাক্রেডিটেশনের শর্তাবলি পূরণ ও মানোন্নয়ন সাপেক্ষে চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাক্রেডিটেশন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সক্ষমতা অনুযায়ী অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করিবে।
(৪) অ্যাক্রেডিটেশনের আবেদন ফরম, আবেদন পদ্ধতি, আবেদন যাচাই-বাছাই, অ্যাক্রেডিটেশনের শর্ত, সনদ প্রদান, সনদ নবায়ন ও নবায়নের মেয়াদ, সনদ প্রত্যাহার, সনদ স্থগিত বা বাতিল, সনদ বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল ও পুনর্বিবেচনা এবং প্রশাসনিক ব্যবস্থাসহ অন্যান্য বিষয় প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।