প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৯। অথরিটি এর দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-
(১) সরকারি ক্রয় সংক্রান্ত নীতি, কৌশল ও আইনি কাঠামো প্রণয়ন;
(২) অথরিটি এর পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ক নীতি প্রণয়ন;
(৩) অথরিটি এর উন্নয়ন সংক্রান্ত কর্মপরিকল্পনা অনুমোদন;
(৪) অথরিটি এর সামগ্রিক কর্মকাণ্ড পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান;
(৫) সরকারি ক্রয় সংক্রান্ত আইনের প্রতিপালন নিশ্চিতকরণ, পরিবীক্ষণ, সমন্বয়, ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান;
(৬) পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এবং Bangladesh e-Government Procurement (e-GP) Guidelines এর প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব আনয়ন;
(৭) e-GP System পরিচালনা ও ব্যবস্থাপনা এবং e-GP সংক্রান্ত তথ্য, উপাত্ত ও তথ্যভাণ্ডার সংরক্ষণ ও ব্যবহার;
(৮) আদর্শ দরপত্র বা প্রস্তাব দলিল ও সরকারি ক্রয় সংক্রান্ত অন্যান্য দলিলের নমুনা প্রস্তুতকরণ, অনুমোদন ও বিতরণ;
(৯) ক্রয় সংক্রান্ত আইন ও দলিলের বাস্তবায়ন সংক্রান্ত গাইডলাইন ও নির্দেশনাবলি প্রদান;
(১০) ক্রয় প্রক্রিয়া টেকসই ও সহজিকরণের উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;
(১১) এই আইন অথবা সরকারি ক্রয় সংক্রান্ত আইন এর অধীন প্রদত্ত নিবন্ধন, সনদ ও দরপত্রসহ অন্যান্য দলিল সরবরাহ এবং অন্যান্য কার্যক্রমের জন্য ফি, সেবা মূল্য অথবা বিক্রয় মূল্য নির্ধারণ ও আদায়;
(১২) কোনো মন্ত্রণালয় বা বিভাগ, ক্রয়কারী, দরপত্রদাতা, আবেদনকারী অথবা কোনো অভিযোগকারীর অনুরোধক্রমে সরকারি ক্রয় সংক্রান্ত বিষয়ে পরামর্শ এবং সহায়তা প্রদান;
(১৩) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সহায়তা প্রদানকারী হিসাবে দায়িত্ব পালন;
(১৪) সরকারি ক্রয় প্রক্রিয়া সংক্রান্ত কার্যক্রমের বিষয়ে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত ও সরকারকে প্রদান (যাহা উক্ত প্রক্রিয়ার উন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধি সংক্রান্ত সুপারিশ সম্বলিত থাকিবে);
(১৫) সরকারি ক্রয় সংক্রান্ত তথ্য ও দলিল সংবলিত ওয়েবসাইট প্রস্তুত, উন্নয়ন, সংরক্ষণ
ও পরিচালন;
(১৬) সরকারি ক্রয়, ব্যবহার অনুপযোগী সরকারি সম্পত্তি নিষ্পত্তি ও e-GP System সংক্রান্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির সামর্থ্য উন্নয়নে ব্যবস্থা গ্রহণ;
(১৭) নির্ধারিত পদ্ধতিতে সরকারি ক্রয় ও e-GP System সংশ্লিষ্ট বিষয়ে পেশাদারিত্ব সৃষ্টি, পেশাদারিত্বের মানদণ্ড নির্ধারণ, দক্ষতা যাচাইকরণ, পরীক্ষা গ্রহণ, পেশাগত সনদ প্রদান ও প্রয়োজনে প্রত্যাহার; চলমান ভিত্তিতে উক্ত মানদণ্ড নিয়ন্ত্রণ ও সনদ নবায়ন এবং উক্ত সকল কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনে অন্যান্য উপযুক্ত প্রতিষ্ঠানকে নির্ধারিত পদ্ধতিতে দায়িত্ব ও ক্ষমতা প্রদান;
(১৮) সরকারি ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণ হইতে অযোগ্য ব্যক্তির তালিকা প্রস্তুত ও হালনাগাদকরণ, সংরক্ষণ, প্রকাশ ও সর্বসাধারণের নিকট সহজ প্রাপ্তির ব্যবস্থা;
(১৯) সরকারি ক্রয় সংক্রান্ত বিষয়ে বিশ্লেষণ, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা;
(২০) ক্রয় সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষজ্ঞ ও বিরোধ নিষ্পত্তিকারীর তালিকা প্রস্তুত এবং সংরক্ষণ;
(২১) রিভিউ প্যানেলকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান;
(২২) সরকারি ক্রয় সংক্রান্ত আইন ও নিয়মাবলি প্রতিপালন বিষয়ে সংশ্লিষ্ট সকলের সচেতনতা বৃদ্ধি;
(২৩) নিজস্ব জনবল এবং অন্যান্যদের সরকারি ক্রয় এবং e-GP পদ্ধতি সংক্রান্ত বিষয়ে দেশে ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ ও প্রদান, আয়োজন ও সমন্বয়;
(২৪) সরকারি ক্রয় সংক্রান্ত আইন প্রতিপালন বা নিশ্চিতকরণকল্পে, প্রয়োজনে এবং সুনির্দিষ্ট কারণের ভিত্তিতে, নোটিশ প্রদান করিয়া, যে সকল ক্রয়কারীর ক্ষেত্রে সরকারি ক্রয় সংক্রান্ত আইন প্রযোজ্য, উহাদের নিকট হইতে সরকারি ক্রয় সংক্রান্ত তথ্য, দলিল ও নথিপত্র পরিদর্শন ও পর্যালোচনাকরণ এবং আবশ্যক হইলে উহা সংশোধন করিবার পরামর্শ ও সুপারিশ প্রদান; এবং
(২৫) সরকার কর্তৃক, সময় সময়, অর্পিত সরকারি ক্রয় সংক্রান্ত অন্যান্য কার্য সম্পাদন।
ব্যাখ্যা।- দফা (১৮) এর উদ্দেশ্য পূরণকল্পে, “অযোগ্য ব্যক্তি” অর্থ পাবলিক প্রকিউরমেন্ট আইন এর ধারা ৬৪ এর উপধারা (৫) ও (৬) এর অধীন কোনো ক্রয়কারী কর্তৃক সরকারি ক্রয় কার্যক্রমে অংশগ্রহণে অযোগ্য ঘোষিত কোনো ব্যক্তি।