প্রিন্ট ভিউ

কপিরাইট আইন, ২০২৩

( ২০২৩ সনের ৩৪ নং আইন )

একাদশ অধ্যায়

কপিরাইট নিবন্ধন

কপিরাইট নিবন্ধন

৫৩। (১) কোনো কর্মের প্রণেতা, প্রকাশক বা কপিরাইট বা সম্পৃক্ত অধিকারের স্বত্বাধিকারী বা উহাতে স্বার্থ রহিয়াছে এইরূপ ব্যক্তি, নির্ধারিত ফরমে এবং নির্ধারিত ফি পরিশোধ করিয়া, তাহার নাম, ঠিকানা ও নির্ধারিত অন্যান্য তথ্য কপিরাইট রেজিস্টারে অন্তর্ভুক্তির জন্য রেজিস্ট্রারের নিকট আবেদন করিতে পারিবেন।

(২) উপধারা (১) এর অধীন কোনো আবেদন প্রাপ্তির পর রেজিস্ট্রার, উপযুক্ত তদন্তের পর কর্মটির বিবরণ কপিরাইট রেজিস্টারে অন্তর্ভুক্ত করিবেন এবং সংশ্লিষ্ট আবেদনকারীকে একটি নিবন্ধন সনদ প্রদান করিবেন।

(৩) কোনো কর্ম কপিরাইট রেজিস্টারে অন্তর্ভুক্ত হইলেও কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে অথবা কপিরাইট রেজিস্ট্রার স্বপ্রণোদিত হইয়া উক্ত কর্ম দ্বারা অন্য কোনো নিবন্ধিত কর্মের কপিরাইট লঙ্ঘন হইয়াছে কিনা উহা তদন্ত করিতে পারিবেন এবং তদন্তে কপিরাইটের কোনো লঙ্ঘন প্রমাণিত হইলে উক্ত নিবন্ধন সংশোধন বা বাতিল করিতে পারিবেন।

(৪) কোনো নিবন্ধিত কর্মের সনদ হারাইয়া গেলে, চুরি হইলে বা বিনষ্ট হইলে কপিরাইট রেজিস্ট্রার উক্ত সনদের একটি প্রতিলিপি (duplicate copy) ইস্যু করিতে পারিবেন।

কপিরাইটের স্বত্ব নিয়োগ, স্বত্বাধিকারী কর্তৃক প্রদত্ত লাইসেন্স, ইত্যাদির নিবন্ধন

৫৪। (১) কোনো কপিরাইটের স্বত্ব প্রদানে আগ্রহী কোনো ব্যক্তিকে নির্ধারিত ফরমে নির্ধারিত ফি প্রদান করিয়া, যে স্বত্ব প্রদান করা হইবে উহার মূল দলিল এবং একটি অনুলিপি, রেজিস্ট্রারের নিকট দাখিলপূর্বক স্বত্ব নিয়োগের নিবন্ধন করিতে হইবে।

(২) উপধারা (১) এর অধীন কোনো আবেদন প্রাপ্তির পর রেজিস্ট্রার, যথাযথ তদন্তের পর সন্তুষ্ট হইলে কপিরাইটের রেজিস্টারে প্রদত্ত বিবরণ সন্নিবেশ করিবেন।

(৩) যে স্বত্ব প্রদান করা হইয়াছে উহার সত্যায়িত অনুলিপিটি কপিরাইট অফিসে রাখা হইবে এবং মূল দলিলের সহিত নিবন্ধন সনদ সংযুক্ত করিয়া, উহার জমাদানকারীকে ফেরত প্রদান করিতে হইবে।

কপিরাইট রেজিস্টারে অন্তর্ভুক্তি এবং ইনডেক্স, ইত্যাদি সংশোধন

৫৫। (১) কপিরাইট রেজিস্টারে কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য সন্নিবেশিত হইলে, রেজিস্ট্রার স্ব উদ্যোগে বা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে, সংশ্লিষ্ট পক্ষগণকে যুক্তিসংগত শুনানির সুযোগ প্রদান করিয়া, কপিরাইট রেজিস্টারে প্রয়োজনীয় সংশোধন করিতে পারিবেন।

(২) উপধারা (১) এর অধীন কপিরাইট রেজিস্টারে কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য সংশোধনের আবেদন দাখিলের পর, যদি রেজিস্ট্রার কপিরাইট রেজিস্টারে প্রয়োজনীয় সংশোধন করিতে অস্বীকৃতি জানান, তাহা হইলে বোর্ড স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে যথোপযুক্ত অনুসন্ধানপূর্বক যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, আবেদনকারীর দাবি পুনর্বিবেচনা সমীচীন ও প্রয়োজনীয়, তাহা হইলে কপিরাইট রেজিস্টারে প্রয়োজনীয় সংশোধনীর আদেশ প্রদান করিতে পারিবে।

কপিরাইট রেজিস্টারের অন্তর্ভুক্ত তথ্যের প্রকাশ

৫৬। ধারা ৫৩ এবং ৫৪ অনুযায়ী কপিরাইট রেজিস্টারে অন্তর্ভুক্ত কপিরাইটের নিবন্ধন সংক্রান্ত তথ্যাদি এবং ধারা ৫৫ অনুযায়ী কৃত সংশোধনীর তথ্য রেজিস্ট্রার, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, প্রকাশ করিবেন।

কপিরাইট রেজিস্টারে অন্তর্ভুক্ত বিবরণ আপাত (prima facie) পর্যাপ্ত সাক্ষ্য হিসাবে গণ্য হওয়া

৫৭। (১) কপিরাইট রেজিস্টার ও ইনডেক্সের কোনো বিবরণ আপাত পর্যাপ্ত সাক্ষ্য হিসাবে গণ্য হইবে এবং রেজিস্ট্রার কর্তৃক প্রত্যয়িত এবং কপিরাইট অফিসের সিলমোহরকৃত কপিরাইট রেজিস্টার ও ইনডেক্সের কোনো অনুলিপি সকল আদালতে মূল দলিল বা সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হইবে।

(২) কোনো কপিরাইটের নিবন্ধন সনদে যে ব্যক্তিকে যে ধরনের স্বত্বের অধিকারী হিসাবে দেখানো হইয়াছে তিনি সেইরূপ স্বত্বের অধিকারী হইবেন।

কপিরাইট রেজিস্ট্রার, ইনডেক্স, ফরম এবং রেজিস্টার পরিদর্শন

৫৮। রেজিস্ট্রার কর্তৃক ইনডেক্স, ফরম এবং রেজিস্টার পরিদর্শনের ক্ষেত্রে, বিধি দ্বারা নির্ধারিত শর্ত ও পদ্ধতি অনুসরণ করিতে হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs