প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
প্রথম অধ্যায়
প্রারম্ভিক
৩। (১) উপধারা (৪) ও (৫) এর বিধান সাপেক্ষে, কোনো কর্মের “প্রকাশনা” অর্থ-
(ক) উহার অনুলিপি জনগণের নিকট সরবরাহ করা; এবং
(খ) সাহিত্য, নাটক, সংগীত, শব্দ-ধ্বনি, চিত্রকর্ম বা চলচ্চিত্রের ক্ষেত্রে উহা পুনঃআহরণযোগ্য (retrievable) ডিজিটাল বা ইলেক্ট্রনিক মাধ্যমে জনসাধারণের নিকট প্রাপ্তিসাধ্য করা, এবং সংশ্লিষ্ট অন্যান্য অভিব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবে।
(২) সাহিত্য, নাট্য, সংগীত, শব্দ-ধ্বনি, চিত্রকর্ম বা চলচ্চিত্র কর্মের ক্ষেত্রে “বাণিজ্যিক প্রকাশনা” অর্থ -
(ক) উহার ক্রয় আদেশের পূর্বে অগ্রিম অনুলিপি প্রস্তুত করিয়া বাণিজ্যিক উদ্দেশ্যে সরবরাহের নিমিত্ত জনসাধারণের নিকট সাধারণভাবে প্রাপ্তিসাধ্য করা; অথবা
(খ) উক্তরূপ কর্ম পুনঃআহরণযোগ্য ডিজিটাল বা ইলেক্ট্রনিক মাধ্যমে জনসাধারণের নিকট সাধারণভাবে প্রাপ্তিসাধ্য করা; এবং সংশ্লিষ্ট অন্যান্য অভিব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবে।
(৩) স্থাপত্য কর্ম ও ভাস্কর্যের ক্ষেত্রে, স্থাপনা বা উহাতে অন্তর্ভুক্ত শিল্পকর্মসহ উহার নির্মাণ সম্পন্ন হইবার পর কর্মটি প্রকাশিত বলিয়া গণ্য হইবে।
(৪) উপধারা (১), (২) ও (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত কার্য প্রকাশনা বলিয়া গণ্য হইবে না, যথা :-
(ক) সাহিত্য, নাট্য বা সংগীতকর্মের ক্ষেত্রে উহার আবৃত্তি বা পরিবেশন বা শ্রেণিকক্ষ ও শিক্ষামূলক কার্যক্রমে উহার লেকচার প্রদান এবং উক্তরূপ কর্ম পুনঃআহরণযোগ্য ব্যতিরেকে ডিজিটাল বা ইলেক্ট্রনিক মাধ্যমে জনসাধারণের নিকট পরিবেশন;
(খ) অঙ্কন, রেখাচিত্র, গ্রাফিক্স ও অন্যান্য চারু ও কারুকর্মের ক্ষেত্রে উহার প্রদর্শন;
(গ) স্থাপত্য কর্ম ও ভাস্কর্যের ক্ষেত্রে উহার স্থাপত্যশৈলী বা শিল্পনৈপুণ্য প্রদর্শনের নিমিত্ত উহার মডেল প্রস্তুত ও প্রদর্শন; এবং
(ঘ) চলচ্চিত্রের ক্ষেত্রে উহা ইলেক্ট্রনিক মাধ্যমে পুনঃআহরণযোগ্য করিয়া সরবরাহ ব্যতিরেকে জনসাধারণের নিকট প্রদর্শন।
(৫) কপিরাইট লঙ্ঘনের উদ্দেশ্য ব্যতীত, বিনা লাইসেন্সে বা কপিরাইট স্বত্বাধিকারীর অনুমতি ব্যতিরেকে কোনো কর্ম প্রকাশিত, প্রকাশ্যে সম্পাদনকৃত বা কোনো লেকচার জনসমক্ষে প্রদত্ত হইলেও, উক্ত কর্ম বা উক্ত লেকচার প্রকাশিত বা প্রকাশ্যে সম্পাদনকৃত বা জনসমক্ষে প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে না।