প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
দ্বিতীয় অধ্যায়
কপিরাইট অফিস, রেজিস্ট্রার এবং কপিরাইট বোর্ড, ইত্যাদি
১১। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, কপিরাইট বোর্ড নামে একটি বোর্ড থাকিবে যাহা ১ (এক) জন চেয়ারম্যান ও অন্যূন ২ (দুই) জন কিন্তু অনধিক ৬ (ছয়) জন সদস্য সমন্বয়ে গঠিত হইবে।
(২) কপিরাইট বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন, তবে কপিরাইট আইন বিষয়ে পারদর্শী ও অভিজ্ঞ ব্যক্তিগণের মধ্য হইতে সরকার অন্যূন একজনকে সদস্য হিসাবে নিয়োগ করিবে।
(৩) কপিরাইট বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নির্ধারিত মেয়াদ ও শর্তাধীনে স্বীয় পদে বহাল থাকিবেন।
(৪) রেজিস্ট্রার বোর্ডের সাচিবিক দায়িত্ব পালন করিবেন।
(৫) কোনো কারণে বোর্ডের চেয়ারম্যানের পদ শূন্য হইলে বা তিনি তাহার দায়িত্ব পালনে অক্ষম হইলে, পরবর্তী চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত বা তিনি দায়িত্ব পালনে সক্ষম না হওয়া পর্যন্ত সরকার, বোর্ডের একজন জ্যেষ্ঠ সদস্যকে চেয়ারম্যানের দায়িত্ব পালনের আদেশ প্রদান করিতে পারিবে, তবে এইরূপ আদেশের মেয়াদ ৬ (ছয়) মাসের অধিক হইবে না।