প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
দ্বিতীয় অধ্যায়
কপিরাইট অফিস, রেজিস্ট্রার এবং কপিরাইট বোর্ড, ইত্যাদি
১২। (১) নিম্নবর্ণিত কোনো বিষয়ে বিরোধ দেখা দিলে বিরোধটি বোর্ডের নিকট প্রেরণ করা যাইবে, যথা :-
(ক) কোনো কর্ম প্রকাশিত হইয়াছে কিনা অথবা কর্মটির প্রকাশনার তারিখ ও কপিরাইটের মেয়াদ সম্পর্কে;
(খ) অন্য কোনো দেশে কোনো কর্মের কপিরাইটের মেয়াদ এই আইনের অধীন উক্ত কর্মের কপিরাইটের মেয়াদ হইতে সংক্ষিপ্ততর কিনা;
(গ) সংগীত কর্মের স্বত্ব; অথবা
(ঘ) রয়্যালটির হার সম্পর্কে।
(২) বোর্ডের নিকট বিরোধীয় বিষয় দাখিল ও উহা নিষ্পত্তির পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।
(৩) উপধারা (১) এ বর্ণিত কোনো বিরোধীয় বিষয়ে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।
(৪) এই আইনের কোনো বিধানের লঙ্ঘন বোর্ডের গোচরীভূত করা হইলে, বোর্ড উহার প্রতিবিধানকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে।
(৫) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, বোর্ড, ফৌজদারি কার্যবিধির section 480 ও 482 অনুযায়ী একটি দেওয়ানি আদালতরূপে গণ্য হইবে এবং ব্যবস্থা গ্রহণের জন্য বোর্ডের নিকট উপস্থাপিত সকল বিষয় Penal Code, 1860 (Act No. XLV of 1860) এর section 193 ও 228 এর অর্থে বিচার বিভাগীয় কার্যক্রম হিসাবে গণ্য হইবে।
(৬) বোর্ড, রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত যে কোনো আদেশ বহাল রাখিতে বা উহার সংশোধন করিতে পারিবে।
(৭) বোর্ডের কোনো সদস্য বোর্ডের নিকট উত্থাপিত এইরূপ কোনো কার্যধারায় অংশগ্রহণ করিবেন না যাহাতে তাহার ব্যক্তিগত স্বার্থ রহিয়াছে।
(৮) রেজিস্ট্রারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে বোর্ড কর্তৃক শুনানি গ্রহণকালে রেজিস্ট্রার বোর্ডের সাচিবিক দায়িত্ব হিসাবে শুনানিতে নথিপত্র ইত্যাদি উপস্থাপন করিতে পারিবেন কিন্তু বোর্ডের কার্যধারায় অংশগ্রহণ করিতে পারিবেন না।