প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কপিরাইট আইন, ২০২৩

( ২০২৩ সনের ৩৪ নং আইন )

তৃতীয় অধ্যায়

কপিরাইট থাকে এইরূপ কর্ম, ইত্যাদি

কপিরাইট থাকে এইরূপ কর্ম

১৪। (১) এই আইনের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, নিম্নবর্ণিত কর্মের কপিরাইট থাকিবে, যথা:-

(ক) সাহিত্য, নাট্য বা সংগীত, লোকজ্ঞান ও লোকসংস্কৃতি কর্ম;

(খ) তথ্য প্রযুক্তি-ভিত্তিক ডিজিটাল কর্ম;

(গ) শিল্পকর্ম;

(ঘ) চলচ্চিত্র: এবং

(ঙ) শব্দ-ধ্বনি রেকর্ডিং।

(২) কোনো বিদেশি প্রযোজকের সহিত বাংলাদেশি প্রযোজকের যৌথচুক্তির অধীন, যৌথ বাণিজ্যিক উদ্দেশ্য থাকুক বা নাই থাকুক, যে কোনো দেশে কিংবা উভয় দেশে আংশিকভাবে সম্পাদিত কর্মের কপিরাইট থাকিবে:

তবে শর্ত থাকে যে, ধারা ৬২ বা ৬৩ এর বিধানাবলি প্রযোজ্য হয় এবং যৌথ চুক্তির অধীন বা যৌথ বাণিজ্যিক উদ্দেশ্যে প্রণীত কর্ম ব্যতীত অন্য কোনো কর্মের কপিরাইট থাকিবে না, যদিনা কর্মটি বাংলাদেশে প্রথম প্রকাশিত হইয়া থাকে, অথবা যেক্ষেত্রে কর্মটি বাংলাদেশের বাহিরে প্রথম প্রকাশিত হইয়াছে, সেইক্ষেত্রে উক্ত তারিখে উহার প্রণেতা জীবিত না থাকিলে মৃত্যুর তারিখে তিনি বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দা না হইয়া থাকেন।

(৩) কোনো চলচ্চিত্রের বা তথ্যচিত্রের প্রযোজকের দপ্তর বা আবাস চলচ্চিত্রটি নির্মাণের উল্লেখযোগ্য বা সম্পূর্ণ সময়ে বাংলাদেশে থাকিলে উক্ত চলচ্চিত্রের কপিরাইট বহাল থাকিবে।

(৪) কোনো চলচ্চিত্রের কপিরাইট অন্য কোনো কর্মের কপিরাইটকে প্রভাবিত করিবে না, যাহার উপর ভিত্তি করিয়া শেষোক্ত কর্মটি নির্মিত হইয়াছে; একইভাবে কোনো শব্দ-ধ্বনি রেকর্ডিং এর ক্ষেত্রেও অন্য কোনো শব্দ-ধ্বনি রেকডিং এর কপিরাইটকে প্রভাবিত করিবে না, যাহার উপর ভিত্তি করিয়া শেষোক্ত শব্দ-ধ্বনি রেকডিং করা হইয়াছে।

(৫) স্থাপত্য শিল্পকর্মের ক্ষেত্রে কপিরাইট কেবল শৈল্পিক বৈশিষ্ট্য ও ডিজাইনে থাকিবে এবং নির্মাণ প্রক্রিয়া বা পদ্ধতিতে বিস্তৃতি হইবে না।

(৬) নিম্নবর্ণিত ক্ষেত্রে কপিরাইট বহাল থাকিবে না, যথা:-

(ক) চলচ্চিত্রের ক্ষেত্রে, যদি চলচ্চিত্রটির মূল অংশ অন্য কোনো কর্মের কপিরাইট লঙ্ঘন করিয়া তৈরি হয়;

(খ) সাহিত্য, নাট্য বা সঙ্গীত কর্ম দ্বারা শব্দ-ধ্বনি রেকডিং এর ক্ষেত্রে, যদি শব্দ-ধ্বনি রেকর্ডিং এর সময় উক্ত কর্মের কপিরাইট লঙ্ঘন করা হয়; এবং

(গ) কোনো স্থাপত্য কর্মের ক্ষেত্রে, যদি কর্মটি বাংলাদেশে অবস্থিত না হয়।

(৭) এই আইনের বিধানের পরিপন্থি উপায়ে কোনো ব্যক্তি কোনো প্রকাশিত বা অপ্রকাশিত কর্মের কপিরাইট বা অনুরূপ কোনো স্বত্বের অধিকারী হইবেন না।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs