প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
চতুর্থ অধ্যায়
কপিরাইটের স্বত্ব এবং মালিকদের অধিকার
১৬। (১) কোনো বিদ্যমান কর্মের কপিরাইটের স্বত্বাধিকারী বা ভবিষ্যৎ কর্মের কপিরাইটের স্বত্বাধিকারী যে কোনো ব্যক্তির অনুকূলে উহার কপিরাইটের সম্পূর্ণ বা আংশিক, সাধারণভাবে বা শর্তসাপেক্ষে, কপিরাইটের পূর্ণ মেয়াদ বা আংশিক মেয়াদের জন্য, স্বত্ব নিয়োগ করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, ভবিষ্যৎ কর্মের কপিরাইটের স্বত্ব নিয়োগের ক্ষেত্রে, কর্মটি অস্তিত্বশীল হইবার পর উহার স্বত্বনিয়োগ কার্যকর হইবে এবং এইরূপ কোনো কর্ম সম্পাদন বা প্রকাশের মাধ্যমে বা পদ্ধতি উক্ত স্বত্ব নিয়োগের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হইবে না, যদি স্বত্ব নিয়োগ দলিলে উক্ত মাধ্যম বা পদ্ধতির কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে:
আরও শর্ত থাকে যে, চলচ্চিত্র বা নাটকে অন্তর্ভুক্ত সংগীত কর্মের প্রণেতা তাহার বৈধ উত্তরাধিকারী অথবা রয়্যালটি আদায় ও বিতরণে নিয়োজিত কপিরাইট সমিতি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বা নাটকের অবিচ্ছিন্ন অংশ হিসাবে প্রদর্শন ব্যতীত অন্যান্য ক্ষেত্রে উহার শব্দ-ধ্বনি নির্মাণের উদ্দেশ্যে রয়্যালটি পরিহার সংক্রান্ত কোনো স্বত্ব নিয়োগ করিবেন না।
(২) কপিরাইট স্বত্বাধিকারীর সুনির্দিষ্টভাবে কপিরাইটের যে স্বত বা স্বত্বের অংশ কোনো ব্যক্তির অনুকূলে প্রদান করিবেন তিনি কেবল সেই স্বত্ব বা স্বত্বের অধিকারী হইবেন এবং স্বত্ব প্রদানকারী নিজে যে অংশ বা পরিমাণ স্বত্ব প্রদান করেন নাই, তিনি নিজেই সেই স্বত্বের অধিকারী থাকিবন।
(৩) উপধারা (২) এর বিধান সাপেক্ষে, কোনো কর্মের কপিরাইটের স্বত্বাধিকারীর মৃত্যু হইলে, তাহার আইনানুগ উত্তরাধিকারী বা উত্তরাধিকারীগণ উক্ত কপিরাইটের স্বত্বাধিকারী হইবেন।
(৪) কোনো কপিরাইটের স্বত্বাধিকারী মৃত্যুর পূর্বে যদি তিনি কোনো কর্মের স্বত্ব আইনানুগভাবে সম্পাদিত কোনো উইল, দলিল বা দানপত্রের মাধ্যমে স্বত্ব নিয়োগ করিয়া থাকেন, তাহা হইলে উহার গ্রহীতা উক্তরূপ উইল, দলিল বা দানপত্রে উল্লিখিত পরিমাণ অধিকারের স্বত্বাধিকারী হইবেন।
(৫) কোনো কর্মের কপিরাইটের স্বত্বাধিকারীর মৃত্যুর পর তাহার আইনানুগ উত্তরাধিকারী এই ধারা অনুযায়ী স্বত্বের অধিকারী না থাকিলে বা তাহার সন্ধান পাওয়া না গেলে বোর্ড কর্তৃক উহার স্বত্ব নির্ধারিত হইবে।
(৬) কপিরাইট স্বত্ব নিয়োগ বা হস্তান্তর দলিল কপিরাইট অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত হইতে হইবে।