প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কপিরাইট আইন, ২০২৩

( ২০২৩ সনের ৩৪ নং আইন )

চতুর্থ অধ্যায়

কপিরাইটের স্বত্ব এবং মালিকদের অধিকার

স্বত্ব নিয়োগের শর্তাবলি

১৭। (১) কোনো কর্মের কপিরাইটের স্বত্ব নিয়োগ বৈধ হইবে না, যদি না উহা স্বত্ব প্রদানকারী বা তাহার নিকট হইতে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি দ্বারা স্বাক্ষরিত হয়।

(২) কোনো কর্মের কপিরাইটের স্বত্ব নিয়োগ অবশ্যই কর্মটিকে চিহ্নিত করিবে এবং স্বত্ব নিয়োগকৃত অধিকার, অধিকারের মেয়াদ এবং স্বত্ব নিয়োগের ভৌগোলিক পরিধি দলিলে উল্লেখ থাকিবে:

তবে শর্ত থাকে যে, যদি কোনো স্বত্ব নিয়োগের মেয়াদ উল্লেখ না থাকে সেইক্ষেত্রে স্বত্ব নিয়োগের তারিখ হইতে পরবর্তী ৫ (পাঁচ) বৎসরের জন্য উহা করা হইয়াছে বলিয়া গণ্য হইবে, এবং যদি স্বত্ব নিয়োগের ভৌগোলিক পরিধি উল্লেখ না থাকে, সেইক্ষেত্রে উহার পরিধি সমগ্র বাংলাদেশ বলিয়া গণ্য হইবে।

(৩) কোনো কর্মের কপিরাইটের স্বত্ব নিয়োগ দলিলে প্রণেতা অথবা তাহার উত্তরাধিকারীকে স্বত্ব নিয়োগ কার্যকর থাকাকালীন রয়্যালটি বা অগ্রিম রয়্যালটি বা প্রদেয় এককালীন অর্থের উল্লেখ থাকিবে এবং পারস্পরিক স্বীকৃত মতে স্বত্ব নিয়োগ পুনঃপরীক্ষণ, বর্ধিতকরণ বা বাতিলের ব্যবস্থা রাখা সাপেক্ষে হইবে।

(৪) যেক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত স্বত্বাধিকারী স্বত্ব নিয়োগের তারিখ হইতে ১ (এক) বৎসর উহা ব্যবহার না করেন, উক্ত অধিকারের স্বত্ব নিয়োগ উক্ত সময়সীমা উত্তীর্ণের পর, স্বত্ব নিয়োগ দলিলে ভিন্নরূপ কিছু না থাকিলে, তামাদি হইয়াছে বলিয়া গণ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs