প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কপিরাইট আইন, ২০২৩

( ২০২৩ সনের ৩৪ নং আইন )

নবম অধ্যায়

কপিরাইট সমিতি

কপিরাইট সমিতির নিবন্ধন

৩৮। (১) এই আইনের অধীন নিবন্ধন ব্যতীত কোনো সমিতি কপিরাইট বিদ্যমান রহিয়াছে এইরূপ কোনো কর্মের জন্য অথবা এই আইনের অধীন প্রদত্ত অন্য কোনো অধিকারের বিষয়ে লাইসেন্স ইস্যু করিতে অথবা অব্যাহত রাখিতে পারিবে না:

তবে শর্ত থাকে যে, কোনো কপিরাইটের মালিক কোনো নিবন্ধিত কপিরাইট সমিতির সদস্য হিসাবে তাহার উপর প্রযোজ্য বাধ্যবাধকতার সহিত সঙ্গতিপূর্ণ উপায়ে নিজস্ব কোনো কর্মের বিষয়ে লাইসেন্স প্রদানের অধিকার অব্যাহত রাখিতে পারিবেন।

(২) কোনো সমিতি কপিরাইট সমিতি হিসাবে নিবন্ধনের উদ্দেশ্যে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, রেজিস্ট্রারের নিকট আবেদন করিতে পারিবে এবং রেজিস্ট্রার উক্ত আবেদন যাচাই করিয়া শনাক্তকরণ সংখ্যা উল্লেখপূর্বক সরকারের নিকট প্রস্তাব দাখিল করিবেন।

(৩) উপধারা (২) এর অধীন প্রাপ্ত যাচাইকৃত আবেদনপত্র, প্রণেতা এবং এই আইনের অধীন অন্যান্য অধিকারের মালিকদের স্বার্থ, জনস্বার্থ এবং বিশেষত, লাইসেন্স প্রার্থী হইতে পারে এইরূপ ব্যক্তিসমষ্টির স্বার্থ ও সুবিধা এবং আবেদনকারীগণের যোগ্যতা এবং পেশাগত দক্ষতা বিবেচনা করিয়া সরকার, বিধি দ্বারা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, কোনো সমিতিকে কপিরাইট সমিতি হিসাবে নিবন্ধন প্রদান করিতে পারিবে:

তবে শর্ত থাকে যে, সরকার সাধারণত একই শ্রেণির কর্মের বিষয়ে কার্যক্রম পরিচালনার জন্য একের অধিক সমিতিকে নিবন্ধিত করিবে না।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs