প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কপিরাইট আইন, ২০২৩

( ২০২৩ সনের ৩৪ নং আইন )

নবম অধ্যায়

কপিরাইট সমিতি

কপিরাইট সমিতি কর্তৃক মালিকদের অধিকার নির্বাহ, ইত্যাদি

৪০। (১) বিধি দ্বারা নির্ধারিত শর্ত সাপেক্ষে, কোনো কপিরাইট সমিতি যে কোনো অধিকারের মালিকের নিকট হইতে অনুমোদন গ্রহণ, কর্মটি ব্যবহারকারীদের লাইসেন্স প্রদান, ফি আদায় বা উভয়বিধ কার্যের মাধ্যমে তাহার কোনো কর্মের কোনো অধিকার পরিচালনার জন্য একচ্ছত্র কর্তৃত্ব গ্রহণ করিতে পারিবে।

(২) সংশ্লিষ্ট চুক্তির অধীন কপিরাইট সমিতির অধিকার ক্ষুণ্ণ না করিয়া, কোনো অধিকারের মালিক উপধারা (১) এ উল্লিখিত কর্তৃত্ব প্রত্যাহার করিতে পারিবেন।

(৩) এই আইনের অধীন উদ্ভূত অধিকারের অনুরূপ অধিকার পরিচালনা করে এইরূপ বিদেশি সমিতি বা সংস্থার সহিত কোনো কপিরাইট সমিতি নিম্নরূপ কার্য সম্পাদনের নিমিত্ত চুক্তি করিতে পারিবে, যথা:-

(ক) উক্ত বিদেশি সমিতি বা সংস্থাকে কোনো বিদেশি রাষ্ট্রে উক্ত বাংলাদেশি কপিরাইট সমিতির প্রশাসনাধীন কোনো অধিকার ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান; এবং

(খ) উক্ত বিদেশি সমিতি বা সংস্থার ব্যবস্থাপনাধীন কোনো অধিকারের ব্যবস্থাপনা বাংলাদেশে পরিচালনার দায়িত্ব অর্পণ:

তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো সমিতি বা সংস্থা বাংলাদেশি কর্ম এবং অন্যান্য কর্মের লাইসেন্সের শর্ত বা আদায়কৃত ফি বণ্টনের ক্ষেত্রে কোনোরূপ বৈষম্য করিতে পারিবে না ।

(৪) নির্ধারিত শর্ত সাপেক্ষে, প্রত্যেক কপিরাইট সমিতি -

(ক) এই আইনের অধীন কোনো অধিকারের বিষয়ে ধারা ৪৫ এর অধীন লাইসেন্স প্রদান করিতে ও ফি আদায় করিতে পারিবে;

(খ) স্বীয় ব্যয় কর্তনপূর্বক অনুরূপ ফি অধিকারের মালিকদের মধ্যে বণ্টন করিতে পারিবে; এবং

(গ) ধারা ৪২ এর বিধানাবলির সহিত সামঞ্জস্যপূর্ণ অন্য যেকোনো কার্য সম্পাদন করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs