প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কপিরাইট আইন, ২০২৩

( ২০২৩ সনের ৩৪ নং আইন )

ত্রয়োদশ অধ্যায়

আন্তর্জাতিক কপিরাইট

বিদেশি কর্মে কপিরাইট সম্প্রসারণ করিবার ক্ষমতা

৬২। (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই মর্মে ঘোষণা প্রদান করিতে পারিবে যে, এই আইনের সকল বা যে কোনো বিধান নিম্নবর্ণিত ক্ষেত্রে প্রযোজ্য হইবে, যথা:-

(ক) কোনো কর্ম বাংলাদেশের বাহিরের কোনো ভূখণ্ডে প্রথম প্রকাশিত হইয়াছে যাহাতে এই আদেশটি এইরূপে সম্পর্কিত যেন উহা বাংলাদেশে প্রথম প্রকাশিত হইয়াছিল;

(খ) কোনো অপ্রকাশিত কর্ম বা কর্ম শ্রেণি যাহার প্রণেতা বা প্রণেতাগণ উহার প্রণয়নকালে কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিক হইলেও আদেশটি এইরূপে সম্পর্কিত যেন প্রণেতা বাংলাদেশের নাগরিক ছিলেন;

(গ) কোনো কর্ম যাহার প্রণেতা কোনো বিদেশি রাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হইলেও আদেশটি এইরূপে সম্পর্কিত যেন তিনি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা; এবং

(ঘ) কোনো কর্ম যাহার প্রণেতা উহার প্রথম প্রকাশনার তারিখে কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিক ছিলেন বা তাহার মৃত্যু হইলে, উহার প্রকাশের সময় তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিক হিসাবে মৃত্যুবরণ করিলেও আদেশটি এইরূপে সম্পর্কিত যেন উহার প্রণেতা কর্মটির প্রকাশকালে বাংলাদেশের নাগরিক ছিলেন।

(২) উপধারা (১) এর অধীন প্রজ্ঞাপন জারির পূর্বে, সরকার এই মর্মে সন্তুষ্ট হইবে যে, কোনো বিদেশি রাষ্ট্র, যাহার সহিত কপিরাইট বিষয়ে বাংলাদেশের কোনো চুক্তি বলবৎ নাই, সেই রাষ্ট্র এইরূপ কোনো বিধান প্রণয়ন করিয়াছে বা করিবার উদ্যোগ গ্রহণ করিয়াছে যাহাতে এই আইনের বিধানাবলির আওতায় উক্ত রাষ্ট্রে উক্ত কর্মের কপিরাইটের অধিকার সংরক্ষণের জন্য উহা সমীচীন ও প্রয়োজনীয়।

(৩) উপধারা (১) এর অধীন প্রজ্ঞাপনে এই মর্মে বিধান করা যাইবে যে,-

(ক) এই আইনের বিধানাবলি সাধারণভাবে অথবা প্রজ্ঞাপনে উল্লিখিত কর্ম বা উক্ত শ্রেণির বিষয়াবলির ক্ষেত্রে প্রযোজ্য হইবে;

(খ) বাংলাদেশের কপিরাইটের মেয়াদ যে বিদেশি রাষ্ট্রের সহিত আদেশটি সম্পর্কিত তাহার প্রণীত আইন দ্বারা নির্ধারিত মেয়াদ অতিক্রম না করে;

(গ) জাতীয় গ্রন্থাগারে পুস্তকের কপি সরবরাহ সম্পর্কিত এই আইনের বিধানাবলি, আদেশের দ্বারা যতখানি সম্ভব বিধান করা যায় উহা ব্যতীত, উক্ত রাষ্ট্রে প্রথম প্রকাশিত কর্মের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না;

(ঘ) কপিরাইটের স্বত্ব সম্পর্কে এই আইনের বিধানাবলি প্রয়োগের ক্ষেত্রে, সংশ্লিষ্ট বিদেশি রাষ্ট্রের আইনের প্রতি দৃষ্টি রাখিয়া যতদূর অব্যাহতি ও সংশোধনের বিবেচনা করা যায়, আদেশে প্রয়োজন অনুযায়ী সেইরূপ বিধান করা যাইবে;

(ঙ) এই আইন বা ইহার অংশবিশেষ আদেশের কার্যকারিতা আরম্ভ হওয়ার পূর্বে প্রণীত বা প্রথম প্রকাশিত কর্মের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না; এবং

(চ) এই আইন দ্বারা প্রদত্ত অধিকার এতদুদ্দেশ্য প্রদত্ত আদেশ দ্বারা নির্ধারিত শর্ত ও আনুষ্ঠানিকতা সাপেক্ষে কার্যকর হইবে।

(৪) সরকার, উপধারা (১) এর বিধান বাংলাদেশের বাহিরের অডিও-ভিডিও রেকর্ডিং সংশ্লিষ্ট অভিনেতা ও প্রযোজক এবং সম্প্রচার সংস্থার ক্ষেত্রে প্রয়োগ করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs