প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

কপিরাইট আইন, ২০২৩

( ২০২৩ সনের ৩৪ নং আইন )

ত্রয়োদশ অধ্যায়

আন্তর্জাতিক কপিরাইট

কতিপয় আন্তর্জাতিক সংস্থার কর্ম সম্পর্কিত বিধান

৬৩। (১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই মর্মে ঘোষণা করিতে পারিবে যে, এই ধারার বিধানাবলি উক্ত প্রজ্ঞাপনে উল্লিখিত সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হইবে; তবে উক্ত সংস্থায় অবশ্যই এক বা একাধিক সার্বভৌম রাষ্ট্র সদস্য থাকিবে।

(২) যে ক্ষেত্রে এই ধারার বিধান প্রযোজ্য হয় এইরূপ কোনো সংস্থার নির্দেশ বা নিয়ন্ত্রণাধীনে কোনো কর্ম সম্পাদিত হয় বা প্রথম প্রকাশিত হয়, এবং এই ধারার ব্যবস্থা ব্যতীত অন্য কোনোভাবে বাংলাদেশে উক্ত কর্মের কোনো কপিরাইট থাকিত না বা, ক্ষেত্রমত, উহার প্রথম প্রকাশ বাংলাদেশে হইত না এবং প্রকাশিত হইলেও উপরি-উক্তভাবে কর্মটির প্রণেতার সহিত এইরূপ চুক্তি থাকিত, যাহাতে কপিরাইটের স্বত্বাধিকারীর অধিকার সংরক্ষণ করে না, অথবা ধারা ১৫ এর অধীন কর্মটির কপিরাইট কোনো সংস্থার মালিকানাধীন, সেইক্ষেত্রে সমগ্র বাংলাদেশে কর্মটির কপিরাইট বিদ্যমান থাকিবে ।

(৩) এই ধারা প্রযোজ্য হয় এইরূপ কোনো সংস্থা, বিধিবদ্ধ সংস্থা হিসাবে গণ্য বা আইনগত যোগ্যতা থাকুক বা নাই থাকুক, কপিরাইটের অধিকারী হওয়া বা কপিরাইট সম্পর্কিত কার্যাদি সম্পাদন করা এবং কপিরাইট প্রয়োগের উদ্দেশ্যে উহা আইনগত ক্ষমতাসম্পন্ন ছিল এবং রহিয়াছে বলিয়া গণ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs