প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন, ২০২৩

( ২০২৩ সনের ৪৯ নং আইন )

অগ্রাধিকার নির্ধারণ

২৩। (১) একই জামানতে সুরক্ষা স্বার্থের ক্ষেত্রে নিম্নরূপে অগ্রাধিকার নির্ধারিত হইবে, যথা:-

(ক) নিবন্ধনের মাধ্যমে সম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থ অগ্রাধিকার নিবন্ধনের ক্রমানুসারে নির্ধারিত হইবে;

(খ) এই আইনের অধীন নিবন্ধনের মাধ্যমে সম্পূর্ণকৃত কোনো সুরক্ষা স্বার্থ অসম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থের উপর অগ্রাধিকার পাইবে;

(গ) নিবন্ধন ব্যতীত অন্যভাবে সম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থ অন্য কোনো সুরক্ষা স্বার্থের উপরে অগ্রধিকার পাইবে, যদি নিবন্ধন ব্যতীত অন্যভাবে সম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থটি অন্য কোনো সুরক্ষা স্বার্থের সহিত সম্পর্কিত কোনো অর্থায়ন বিবরণী নিবন্ধনের পূর্বে সম্পূর্ণকৃত হইয়া থাকে;

(ঘ) যেইক্ষেত্রে এই আইনের অধীন নিবন্ধন ব্যতীত অন্য কোনোভাবে সম্পূর্ণকৃত সুরক্ষা অধিকারের মধ্যে অগ্রাধিকার নির্ধারিত হইবে, সেইক্ষেত্রে সম্পূর্ণতার ক্রমানুসারে অগ্রাধিকার নির্ধারিত হইবে; এবং

(ঙ) অসম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থের ক্ষেত্রে, উক্ত সুরক্ষা স্বার্থ সৃষ্টি হইবার তারিখ অনুসারে অগ্রাধিকার নির্ধারিত হইবে।

(২) উপধারা (১) এর অধীন সুরক্ষা স্বার্থের অগ্রাধিকার প্রতিষ্ঠিত হইবার তারিখ হইতে মূল জামানত বা উহার অর্জিত আয়ের উপর সম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থের অগ্রাধিকার প্রযোজ্য হইবে।

(৩) কোনো সুরক্ষা স্বার্থের হস্তান্তরগ্রহীতা উক্ত সুরক্ষা স্বার্থ সংক্রান্ত সেইরূপ অগ্রাধিকার অর্জন করিবেন, হস্তান্তরের সময়ে হস্তান্তরকারীর যেইরূপ অগ্রাধিকার ছিল।

(৪) ধারা ২৪ এর বিধান সাপেক্ষে, উপধারা (১) এর অধীন কোনো সুরক্ষা স্বার্থের যেইরূপ অগ্রাধিকার ছিল তাহা সকল ভবিষ্যৎ অগ্রাধিকারের ক্ষেত্রেও সেইরূপ থাকিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs