প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৫। (১) Cinematograph Act, 1918 (Act No. II of 1918) এর section 3 এর অধীন প্রাপ্ত লাইসেন্সে বর্ণিত কোনো স্থানে যে কোনো মাধ্যমে জনসাধারণের মধ্যে প্রদর্শনের উদ্দেশ্যে কোনো চলচ্চিত্রের অনুকূলে সার্টিফিকেশন গ্রহণের জন্য উক্ত চলচ্চিত্রের প্রযোজক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র ও চলচ্চিত্রের কপিসহ, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, বোর্ডের নিকট আবেদন দাখিল করিতে হইবে।
(২) বোর্ড, উপধারা (১) এর অধীন প্রাপ্ত চলচ্চিত্র উক্ত শিল্পের সুরক্ষা, বিকাশ, সংরক্ষণ, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্রের স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব, চলচ্চিত্র শিল্পের সৃজনশীলতা তথা চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নের লক্ষ্যে দেশীয় চলচ্চিত্র শিল্পের সুরক্ষা, বিকাশ, সংরক্ষণ, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রাখা, মুক্তিযুদ্ধের চেতনা সংহতকরণ, চলচ্চিত্র শিল্পের সৃজনশীলতা বৃদ্ধি, চলচ্চিত্রের কারিগরি মানোন্নয়ন, শৈল্পিক গুণাবলি বৃদ্ধি ও নির্মাণশৈলীসহ চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নের নিরিখে পর্যালোচনা করিবে।
(৩) যদি উক্ত চলচ্চিত্র প্রদর্শনের উপযোগী বলিয়া বিবেচিত হয়, তাহা হইলে বোর্ড, উহার জন্য নির্দিষ্ট শ্রেণি নির্ধারণ করিয়া মূল্যায়ন প্রতীকসহ সার্টিফিকেশন প্রদান করিবে।
(৪) বোর্ড, প্রয়োজনে, কোনো চলচ্চিত্রের সার্টিফিকেশন কার্যকর থাকিবার মেয়াদ নির্দিষ্ট করিয়া দিতে পারিবে।
(৫) উপধারা (৪) এর অধীন কোনো চলচ্চিত্রের সার্টিফিকেশনের মেয়াদ নির্দিষ্ট করিয়া দেওয়া হইলে, বোর্ড, এতদুদ্দেশ্যে প্রাপ্ত আবেদনের পরিপ্রেক্ষিতে উক্তরূপ মেয়াদ বৃদ্ধি করিতে বা বর্ধিত মেয়াদ পুনরায় বৃদ্ধি করিতে বা এইরূপ নির্দিষ্টকৃত বা বর্ধিত মেয়াদ সংক্রান্ত শর্ত প্রত্যাহার করিতে পারিবে।
(৬) চলচ্চিত্র সার্টিফিকেশনের শ্রেণিবিন্যাস ও মূল্যায়ন প্রতীক বিধি দ্বারা নির্ধারিত হইবে।
(৭) যদি কোনো চলচ্চিত্র পরীক্ষণের পর বোর্ডের নিকট প্রতীয়মান হয় যে, উহা সর্বসাধারণের মধ্যে প্রদর্শনের উপযোগী নহে, তাহা হইলে উহা সীমিতভাবে কোনো পেশা বা ব্যক্তি শ্রেণির জন্য প্রদর্শনের শর্তে সার্টিফিকেশন প্রদান করা যাইবে।
(৮) আবেদনকারী উপধারা (৭) এর অধীন সীমিত প্রদর্শনের শর্তে সার্টিফিকেশন গ্রহণে লিখিতভাবে সম্মতি জ্ঞাপন করিলে বোর্ড আবেদনকারীর অনুকূলে মূল্যায়ন প্রতীক সার্টিফিকেশন প্রদান করিবে।
(৯) যদি কোনো চলচ্চিত্র পরীক্ষণের পর উহা প্রদর্শনের অনুপযোগী বিবেচিত হয় তাহা হইলে বোর্ড উহার অনুপযোগী সুনির্দিষ্ট অংশ কর্তন করিয়া উক্ত চলচ্চিত্র পুনরায় জমা প্রদানের নির্দেশনা প্রদান করিতে পারিবে এবং উক্তরূপ নির্দেশনা প্রতিপালনপূর্বক উহা পুনরায় জমাদান করা হইলে এবং পুনঃপরীক্ষণে উহা প্রদর্শনযোগ্য বিবেচিত ইহলে, বোর্ড, উক্ত চলচ্চিত্রের অনুকূলে মূল্যায়ন প্রতীকসহ সার্টিফিকেশন প্রদান করিতে পারিবে।
(১০) যদি বোর্ড কর্তৃক চিহ্নিত অংশ বা অংশসমূহ কর্তনের ফলে পরিচালক বা প্রযোজক অথবা আবেদনকারীর নিকট প্রতীয়মান হয় যে, উক্তরূপ কর্তনের ফলে চলচ্চিত্রটির কাহিনির ধারাবাহিকতা নষ্ট হইয়া যাইবে, তাহা হইলে উক্তরূপ কর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি কাহিনির ধারাবাহিকতা বজায় রাখিবার জন্য নূতন দৃশ্য ও সংলাপ সংযোজন করিয়া উহা পুনরায় বোর্ডের নিকট উপস্থাপন করা যাইবে:
তবে শর্ত থাকে যে, পুনরায় উপস্থাপিত চলচ্চিত্রটির মোট দৈর্ঘ্য বা চলমান সময় মূল চলচ্চিত্রের দৈর্ঘ্য বা চলমান সময়ের সহিত সামঞ্জস্যপূর্ণ হইতে হইবে।
(১১) উপধারা (১০) অনুযায়ী পুনরায় দাখিলকৃত চলচ্চিত্রটি পরীক্ষান্তে প্রদর্শনযোগ্য বিবেচিত হইলে বোর্ড মূল্যায়ন প্রতীকসহ সার্টিফিকেশন প্রদান করিবে।
(১২) যদি সার্টিফিকেশনের জন্য আবেদনকৃত কোনো চলচ্চিত্র পরীক্ষণে বোর্ডের নিকট প্রতীয়মান হয় যে, চলচ্চিত্রটির রং, ডাবিং, সাউন্ড, সাউন্ড ইফেক্টসহ অন্যান্য কারিগরি বিষয়াদি অসম্পূর্ণ এবং চলচ্চিত্রটি কাহিনির নিম্নমান, অসংলগ্নতা, অবিন্যস্ততা, শৈল্পিক গুণাবলি বর্জিত নির্মাণশৈলী বা চিত্রায়ণ, রুচিহীন ও দূর্বল নির্মাণ শৈলীর কারণে উহা দর্শক উপযোগী নহে তাহা হইলে বোর্ড চলচ্চিত্রটির অনুকূলে সার্টিফিকেশন মঞ্জুর প্রত্যাখ্যান করিবে এবং এইরুপ সিদ্ধান্ত গ্রহণের ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে উহা আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিতে হইবে।
(১৩) বোর্ড, প্রয়োজনে, সার্টিফিকেশনের জন্য জমাদানকৃত কোনো চলচ্চিত্রের কাহিনি, উপজীব্য, সংলাপ, দৃশ্য, চিত্রায়ণ বা উপস্থাপন কৌশলসহ অন্য কোনো বিষয়ে কোনো কর্তৃপক্ষ, সংস্থা বা সংগঠনের মতামত গ্রহণ করিতে পারিবে।
(১৪) ধারা ১২ এর অধীন আপিল আবেদন নাকচ হইলে আবেদনকারী উক্ত চলচ্চিত্র পরিমার্জন বা পুন:নির্মাণ করিয়া উহা সার্টিফিকেশনের জন্য পুনরায় বোর্ডের নিকট আবেদন করিতে পারিবেন।