প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৯। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কারণ উল্লেখপূর্বক, কোনো সার্টিফিকেশনপ্রাপ্ত চলচ্চিত্রের সার্টিফিকেশন বাতিল করিতে পারিবে এবং এতদুদ্দেশ্যে চলচ্চিত্রটির প্রদর্শন সমগ্র বাংলাদেশ বা দেশের কোনো নির্দিষ্ট এলাকায় প্রদর্শনের অযোগ্য ঘোষণা করিতে পারিবে।
(২) যেইক্ষেত্রে বোর্ডের এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে, এই আইন বা তদধীন প্রণীত বিধির কোনো বিধান লঙ্ঘন করিয়া প্রদর্শনের অযোগ্য ঘোষিত কোনো চলচ্চিত্র বা প্রচার সামগ্রী প্রদর্শন করা হইতেছে, সেইক্ষেত্রে, বোর্ড বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি লিখিতভাবে উক্ত স্থানে অনুসন্ধান এবং চলচ্চিত্র ও প্রচার সামগ্রী, যদি থাকে, বাজেয়াপ্ত করিবার জন্য পরিদর্শক পদমর্যাদার নিম্নে নহে এমন কোনো পুলিশ কর্মকর্তা বা জেলা তথ্য কর্মকর্তাকে ক্ষমতা অর্পণ করিতে পারিবে।
(৩) উপধারা (২) এর অধীন কোনো চলচ্চিত্র বা প্রচার সামগ্রী বাজেয়াপ্ত করা হইলে উহা অনতিবিলম্বে আদালতের নিকট জব্দ তালিকাসহ প্রেরণ করিয়া বোর্ডকে উহা লিখিতভাবে অবহিত করিতে হইবে এবং অতঃপর জব্দকৃত আলামত পরীক্ষার জন্য সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে বোর্ডের নিকট প্রেরণ করিতে হইবে।
(৪) বোর্ড, উপধারা (৩) এর অধীন কোনো চলচ্চিত্র বা কোনো প্রচার সামগ্রী প্রাপ্তির পর উহা পরীক্ষা করিয়া, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, আদালতের অনুমতি সাপেক্ষে নিষ্পত্তি করিবে।