প্রিন্ট ভিউ

কাস্টমস আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫৭ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

কাস্টমস কর্মকর্তা নিয়োগ এবং ক্ষমতা

কাস্টমস কর্মকর্তা নিয়োগ

৪। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড, 1[আদেশ দ্বারা, উক্ত আদেশে] উল্লিখিত কোনো এলাকা বা কার্যক্রমের জন্য যে কোনো ব্যক্তিকে নিম্নবর্ণিত পদে নিয়োগ প্রদান করিতে পারিবে, যথা:-

(ক) কমিশনার অব কাস্টমস;

(খ) কমিশনার অব কাস্টমস (আপিল);

(গ) কমিশনার অব কাস্টমস (বন্ড);

(ঘ) কমিশনার অব কাস্টমস (কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা);

(ঙ) কমিশনার অব কাস্টমস (বাংলাদেশ সিঙ্গেল উইনডো);

(চ) কমিশনার অব কাস্টমস (কাস্টমস ঝুঁকি ব্যবস্থাপনা);

(ছ) ডিরেক্টর জেনারেল (কাস্টমস গোয়েন্দা ও তদন্ত);

(জ) ডিরেক্টর জেনারেল (কাস্টমস রেয়াত ও প্রত্যর্পণ);

(ঝ) ডিরেক্টর জেনারেল (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট প্রশিক্ষণ একাডেমি);

(ঞ) ডিরেক্টর জেনারেল (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);

(ট) অ্যাডিশনাল কমিশনার অব কাস্টমস, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বা ডিরেক্টর (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);

(ঠ) জয়েন্ট কমিশনার অব কাস্টমস বা ডিরেক্টর বা জয়েন্ট ডিরেক্টর (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);

2[(ড) ডেপুটি কমিশনার অব কাস্টমস বা ডেপুটি ডিরেক্টর বা ডেপুটি ডিরেক্টর (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);

(ঢ) অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (কেন্দ্রীয় গোয়েন্দা সেল);]

3[(ণ) রেভিনিউ অফিসার অব কাস্টমস;

(ত) এসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার অব কাস্টমস; এবং

(থ) এসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার অব কাস্টমস পর্যায়ের নিম্নে নহে এইরূপ অন্য যে কোনো পদবীর কাস্টমস কর্মকর্তা।]

কাস্টমস কর্মকর্তাগণের ক্ষমতা ও কর্তব্য

৫। কোনো কাস্টমস কর্মকর্তা এই আইনের দ্বারা অথবা অধীনে তাহাকে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ বা তাহার উপর অর্পিত কর্তব্য পালন করিবেন; এবং তিনি, তাহার অধস্তন যে কোনো কর্মকর্তাকে প্রদত্ত সকল ক্ষমতা প্রয়োগ এবং তাহার উপর অর্পিত সকল কর্তব্য সম্পাদন করিতে পারিবেন:

তবে শর্ত থাকে যে, বোর্ড, সাধারণ অথবা বিশেষ আদেশ দ্বারা, উক্ত ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালনের উপর যেরূপ উপযুক্ত বিবেচনা করিবে সেইরূপ সীমা নির্ধারণ এবং শর্ত আরোপ করিতে পারিবে।

ক্ষমতা অর্পণ

৬। 4[(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড, যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে, চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড, বা ক্ষেত্রমত, সদস্য (কাস্টমস), জাতীয় রাজস্ব বোর্ড সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবেন।

(১ক) বোর্ড, আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে, কোনো কাস্টমস কর্মকর্তাকে তাহার অব্যবহিত উচ্চতর পদের জন্য নির্ধারিত দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করিতে পারিবে।]

5[(১কখ) বোর্ড, আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে, কমিশনার অব কাস্টমস এর উপর অর্পিত দায়িত্ব তাহার স্বীয় অধিক্ষেত্রে অন্য যে কোনো কাস্টমস কর্মকর্তার উপর অর্পণ করিতে পারিবে।]

(২) বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত শর্ত ও সীমা সাপেক্ষে, কোনো কাস্টমস কর্মকর্তার জন্য নির্ধারিত দায়িত্ব অন্য যে কোনো সরকারি কর্মকর্তার উপর অর্পণ করিতে পারিবে:

তবে শর্ত থাকে যে, ধারা ৮ এর অধীন ঘোষিত কাস্টমস বন্দর, কাস্টমস বিমানবন্দর, স্থল কাস্টমস স্টেশন এর ক্ষেত্রে উক্তরূপ ক্ষমতা অর্পণ করা যাইবে না এবং কাস্টমস পদ্ধতি প্রয়োগে দায়িত্বপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তার কাজে হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ আরোপযোগ্য হইবে না।

কাস্টমস কর্মকর্তাগণকে সহায়তা

৭। কাস্টমস কর্মকর্তা কর্তৃক এই আইনের অধীন দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারি, আধা- সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্বশাসিত সংস্থা, বিধিবদ্ধ সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার কর্মকর্তা ও কর্মচারীগণ সহায়তা করিবেন।


  • 1
    “আদেশ দ্বারা, উক্ত আদেশে” শব্দগুলি ও কমা “সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত প্রজ্ঞাপনে” শব্দগুলি ও কমার পরিবর্তে অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৮৯ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।
  • 2
    দফা (ড) ও (ঢ) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১৩৯ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 3
    দফা (ণ), (ত) ও (থ) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৬২ ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
  • 4
    উপ-ধারা (১) ও (১ক) অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৯০ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।
  • 5
    উপ-ধারা (১কখ) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১৪০ ধারাবলে সন্নিবেশিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs