প্রিন্ট ভিউ
একবিংশ অধ্যায়
ব্যাগেজ এবং ডাকযোগে আমদানিকৃত অথবা রপ্তানিকৃত পণ্য সম্পর্কিত বিশেষ বিধানাবলি
১৫৪। বাংলাদেশে আগমনকারী কোনো যাত্রী অথবা ক্রু তাহার ব্যাগেজ বা ব্যাগেজের পণ্য খালাসের উদ্দেশ্যে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, যথাযথ কর্মকর্তার নিকট একটি মৌখিক বা লিখিত ঘোষণা প্রদান করিবেন এবং তাহার ব্যাগেজ এবং ব্যাগেজের পণ্য অথবা তাহার সহিত বহনকৃত পণ্য সম্পর্কে উক্ত কর্মকর্তার সকল প্রশ্নের জবাব প্রদান করিবেন এবং উক্ত ব্যাগেজ বা ব্যাগেজের পণ্য পরীক্ষার জন্য উপস্থাপন করিবেন।
১৫৫। ধারা ১৫৪ এর অধীন ব্যাগেজের ক্ষেত্রে প্রযোজ্য শুল্কহার, যদি থাকে, উক্ত ব্যাগেজ সম্পর্কে যে তারিখে ঘোষণা প্রদান করা হয়, সেই তারিখে বলবৎ শুল্কহার প্রযোজ্য হইবে।
১৫৬। যথাযথ কর্মকর্তা যদি এইমর্মে সন্তুষ্ট হন যে, যাত্রীর অথবা ক্রুর কোনো ব্যাগেজ প্রকৃত ব্যবহারের অথবা উপহার প্রদানের উদ্দেশ্যে আনয়ন করা হইয়াছে, তাহা হইলে তিনি উহা, বিধি দ্বারা নির্ধারিত সীমা, শর্ত ও বিধি- নিষেধ সাপেক্ষে, শুল্কমুক্তভাবে খালাস প্রদান করিতে পারিবেন।
১৫৭। যে ক্ষেত্রে কোনো যাত্রীর ব্যাগেজের কোনো পণ্য শুল্কযোগ্য হয় অথবা উহার আমদানি নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত হয় এবং যে ক্ষেত্রে উহার বিষয়ে ধারা ১৫৪ এর অধীন সঠিক ঘোষণা প্রদত্ত হয়, সেইক্ষেত্রে যাত্রীর আবেদনক্রমে যথাযথ কর্মকর্তা উক্ত পণ্য তাহাকে বাংলাদেশ ত্যাগের প্রাক্কালে ফেরত প্রদানের উদ্দেশ্যে আটক রাখিতে পারিবেন।
১৫৮। ধারা ১৫৪ এর অধীন ঘোষণা প্রদান করা হইয়াছে, ট্রানজিট যাত্রী অথবা ক্রু সদস্যগণের এইরূপ ব্যাগেজ, বিধি দ্বারা নির্ধারিত সীমা, শর্ত ও বিধি- নিষেধ সাপেক্ষে, শুল্ক পরিশোধ ব্যতিরেকে যথাযথ কর্মকর্তা কর্তৃক উক্তরূপ ট্রানজিটে প্রেরণের অনুমতি প্রদান করা যাইবে।
১৫৯। ডাকযোগে আমদানিকৃত অথবা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে উহার বর্ণনা, পরিমাণ এবং মূল্য সম্বলিত লেবেল অথবা ঘোষণাকে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, আমদানি অথবা, ক্ষেত্রমত, রপ্তানির জন্য ঘোষণা হিসাবে গণ্য করা হইবে।
১৬০। (১) ডাকযোগে আমদানিকৃত কোনো পণ্যের উপর প্রযোজ্য শুল্কের হার হইবে উহার উপর শুল্ক নিরূপণের জন্য ধারা ১৫৯ এ উল্লিখিত ঘোষণা অথবা লেবেল যে তারিখে ডাক কর্তৃপক্ষ যথাযথ কর্মকর্তার নিকট উপস্থাপন করেন সেই তারিখে বলবৎ শুল্কহার।
(২) ডাকযোগে রপ্তানিকৃত কোনো পণ্যের উপর প্রযোজ্য শুল্কহার হইবে রপ্তানিকারক যে তারিখে উক্ত পণ্য রপ্তানির জন্য ডাক কর্তৃপক্ষের নিকট অর্পণ করেন সেই তারিখে বলবৎ শুল্কহার।