প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
ষষ্ঠ অধ্যায়
ফাইন্যান্স কোম্পানির হিসাব বিবরণী প্রস্তুত, নিরীক্ষা, পরিদর্শন, তথ্য প্রকাশ, ইত্যাদি
৩৩। (১) বাংলাদেশে নিবন্ধনকৃত প্রত্যেক ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে কোনো বৎসর সমাপ্ত হইবার পর উক্ত বৎসরে উক্ত কোম্পানি কর্তৃক কৃত অর্থায়ন ব্যবসা সম্পর্কে একটি স্থিতিপত্র ও লাভ-ক্ষতির হিসাব এবং আর্থিক বিবরণী বৎসরের শেষ কার্যদিবসে যেইরূপ হয় সেইরূপভাবে প্রস্তুত করিবে।
(২) উপ-ধারা (১) এর অধীন প্রস্তুতকৃত আর্থিক বিবরণী ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ এর ধারা ৪০ এর বিধান অনুসরণে এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে যোগ্য তালিকাভুক্ত নিরীক্ষক কর্তৃক নিরীক্ষা করাইতে হইবে।
(৩) বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ রেজিষ্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানীর নিকট কোনো ফাইন্যান্স কোম্পানিকে [যাহা ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ এর ধারা ২ এর উপ-ধারা (৮) এ সংজ্ঞায়িত জনস্বার্থ সংস্থা হিসাবে বিবেচিত] আর্থিক বিবরণী বা অনুরূপ বিবরণী বা প্রতিবেদন উপস্থাপনের ক্ষেত্রে ফাইনান্সিয়াল রিপোটিং আইন, ২০১৫ এর ধারা ৩৫ এর বিধান অনুযায়ী নিরীক্ষকের নিরীক্ষা প্রতিবেদন ও প্রয়োজনীয় দলিলসহ উপস্থাপন করিতে হইবে।
(৪) কোনো ফাইন্যান্স কোম্পানির আর্থিক বিবরণী উক্ত ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যূন ৩ (তিন) জন পরিচালক কর্তৃক স্বাক্ষরিত হইবে।