প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫৯ নং আইন )

ষষ্ঠ অধ্যায়

ফাইন্যান্স কোম্পানির হিসাব বিবরণী প্রস্তুত, নিরীক্ষা, পরিদর্শন, তথ্য প্রকাশ, ইত্যাদি

পরিদর্শন

৩৬। (১) কোম্পানি আইনে ভিন্নরূপ কোনো বিধান থাকা সত্ত্বেও, বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় উহার এক বা একাধিক কর্মকর্তার দ্বারা বাংলাদেশে নিবন্ধনকৃত কোনো ফাইন্যান্স কোম্পানি বা উহার সকল ব্যবসা কেন্দ্র বা শাখা বা বুথ বা অফিস ও সাবসিডিয়ারির রেজিস্টার, হিসাব বহি ও অন্যান্য দলিল (লিখিত বা ইলেক্ট্রনিক) পরিদর্শন করিতে পারিবে এবং ঋণগ্রহীতার অঙ্গন বা যেই স্থানে ঋণের অর্থ ব্যবহৃত হইয়াছে সেই স্থানও পরিদর্শন করিতে পারিবে এবং এইরূপ পরিদর্শন সমাপ্তির পর বাংলাদেশ ব্যাংক উক্ত পরিদর্শনের ভিত্তিতে প্রস্তুতকৃত প্রতিবেদনের একটি অনুলিপি বা এর অংশ বিশেষ উক্ত ফাইন্যান্স কোম্পানিকে সরবরাহ করিবে।

(২) আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নরূপ বিধান থাকা সত্ত্বেও, এবং উপ-ধারা (১) এর বিধান ক্ষুন্ন না করিয়া, বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় উহার এক বা একাধিক কর্মকর্তার দ্বারা বাংলাদেশে নিবন্ধনকৃত কোনো ফাইন্যান্স কোম্পানি বা উহার সকল ব্যবসা কেন্দ্র বা শাখা বা বুথ বা অফিস ও সাবসিডিয়ারির রেজিস্টার, হিসাব বহি ও অন্যান্য দলিল (লিখিত বা ইলেক্ট্রনিক) পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করাইতে পারিবে এবং বাংলাদেশ ব্যাংক আবশ্যক বিবেচনা করিলে উক্ত পরীক্ষার ভিত্তিতে প্রস্তুতকৃত প্রতিবেদনের একটি অনুলিপি বা ইহার অংশ বিশেষ উক্ত ফাইন্যান্স কোম্পানিকে সরবরাহ করিতে পারিবে।

(৩) ধারা ২৭ এর অধীন গঠিত সাবসিডিয়ারি কোম্পানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক উপ- ধারা (১) এর অধীন পরিদর্শনের ভিত্তিতে প্রস্তুতকৃত অংশের একটি অনুলিপি পরিদর্শনকৃত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে সরবরাহ করিবে।

(৪) উপ-ধারা (১) এর অধীন পরিদর্শনকার্য বা উপ-ধারা (২) এর অধীন পরীক্ষাকার্য পরিচালনাকারী কর্মকর্তা বা কর্মচারীর চাহিদা মোতাবেক ও তৎকর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি বা উহার সকল ব্যবসা কেন্দ্র বা শাখা বা বুথ বা অফিস ও সাবসিডিয়ারির রেজিস্টার, হিসাব বহি ও অন্যান্য দলিল (লিখিত বা ইলেক্ট্রনিক) দাখিল করা এবং তৎসম্পর্কে কোনো বিবৃতি বা তথ্য প্রদান করা উক্ত ফাইন্যান্স কোম্পানি বা উহার সকল ব্যবসা কেন্দ্র বা শাখা বা বুথ বা অফিস ও সাবসিডিয়ারির পরিচালক, কর্মকর্তা, কর্মচারী বা নিরীক্ষকের দায়িত্ব হইবে।

(৫) উপ-ধারা (১) এর অধীন পরিদর্শনকার্য বা উপ-ধারা (২) এর অধীন পরীক্ষাকার্য পরিচালনাকারী ব্যক্তি সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বা উহার সকল ব্যবসা কেন্দ্র বা শাখা বা বুথ বা অফিস ও সাবসিডিয়ারির যে কোন পরিচালক, কর্মকর্তা, কর্মচারী বা নিরীক্ষককে শপথ পাঠ করাইয়া উক্ত ফাইন্যান্স কোম্পানির বা উহার সকল ব্যবসা কেন্দ্র বা শাখা বা বুথ বা অফিসের বিষয়াবলি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন।

(৬) বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি এবং উহার সাবসিডিয়ারি কোম্পানিকে নোটিশ প্রদানের পর, তৎকর্তৃক প্রস্তুতকৃত প্রতিবেদন বা উহার অংশ বিশেষ প্রকাশ করিতে পারিবে।

(৭) আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, জনস্বার্থে বা ফাইন্যান্স খাতের স্থিতিশীলতার স্বার্থে ফাইন্যান্স কোম্পানি কর্তৃক প্রদত্ত ঋণ বা বিনিয়োগের অর্থের সদ্ব্যবহার যাচাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ঋণ বা বিনিয়োগ গ্রহীতার ব্যবসাক্ষেত্র সরেজমিন পরিদর্শন করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs