প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫৯ নং আইন )

ষষ্ঠ অধ্যায়

ফাইন্যান্স কোম্পানির হিসাব বিবরণী প্রস্তুত, নিরীক্ষা, পরিদর্শন, তথ্য প্রকাশ, ইত্যাদি

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, নির্দেশ বা বাধা-নিষেধ আরোপের ক্ষমতা

৪১। (১) জনস্বার্থ বা আমানতকারীর স্বার্থ রক্ষা বা ফাইন্যান্স কোম্পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নিম্নরূপ নির্দেশনা বা নির্দেশ প্রদান অথবা বাধা-নিষেধ আরোপ করিতে পারিবে, যথা:-

(ক) সকল ফাইন্যান্স কোম্পানি বা কোনো নির্দিষ্ট শ্রেণির ফাইন্যান্স কোম্পানির বা কোনো নির্দিষ্ট ফাইন্যান্স কোম্পানির জন্য ঋণ শ্রেণিকরণ ও সঞ্চিতি সংরক্ষণ, ঋণের সুদ বা মুনাফা মওকুফ, পুনঃতফসিলিকরণ কিংবা পুনর্গঠন সংক্রান্ত বিষয়ে নির্দেশনা প্রদান করিতে পারিবে যাহা সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি বাধ্যতামূলকভাবে অনুসরণ করিবে;

(খ) ধারা ৩৬ অনুযায়ী কোনো পরিদর্শন চলাকালীন বা উহা সমাপ্ত হইবার পর বা কোনো বিশেষ পরিস্থিতি বিবেচনায়, লিখিত আদেশ দ্বারা এবং উহাতে উল্লিখিত শর্তাধীনে কোনো ফাইন্যান্স কোম্পানির বিষয়াবলি বা উহা হইতে উদ্ভূত কোনো বিষয় বিবেচনার জন্য উহার পরিচালকগণকে সভা আহ্বান করিতে বা অনুরূপ কোনো বিষয় সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সহিত আলোচনা করিতে ফাইন্যান্স কোম্পানিকে নির্দেশ প্রদান করিতে পারিবে;

(গ) সকল বা নির্দিষ্ট কোনো ফাইন্যান্স কোম্পানিকে কোনো নির্দিষ্ট বা নির্দিষ্ট শ্রেণির লেনদেনে চুক্তিবদ্ধ হইবার ক্ষেত্রে সতর্ক বা বাধা-নিষেধ আরোপ করিতে পারিবে;

(ঘ) সকল বা নির্দিষ্ট কোনো ফাইন্যান্স কোম্পানিকে উহার অর্থায়ন ব্যবসা সংক্রান্ত যে কোনো বিষয়ে নির্দিষ্ট কোনো কার্যক্রম গ্রহণ করিবার বা না করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে।

(২) বাংলাদেশ ব্যাংক সকল অথবা নির্দিষ্ট কোনো ফাইন্যান্স কোম্পানির জন্য নিম্নরূপ বিষয়ে নির্দেশনা জারি করিতে পারিবে, যথা:-

(ক) ফাইন্যান্স কোম্পানির সংশ্লিষ্ট নীতির উৎকর্ষ সাধনের জন্য;

(খ) ফাইন্যান্স কোম্পানির নিজের বা উহার আমানতকারীর স্বার্থের পরিপন্থি কার্যকলাপ প্রতিরোধের জন্য;

(গ) ফাইন্যান্স কোম্পানির যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিতকরণের জন্য;

(ঘ) জনস্বার্থে বা মুদ্রানীতির উৎকর্ষ সাধন সংক্রান্ত অন্যান্য বিষয়ের জন্য।

(৩) বাংলাদেশ ব্যাংক প্রযোজ্য ক্ষেত্রে উপ-ধারা (১) ও (২) এর অধীন প্রদত্ত নির্দেশনা, নির্দেশ বা বাধা-নিষেধ পরিবর্তন বা পরিমার্জন বা পরিবর্ধন বা বাতিল বা সংশোধন করিতে পারিবে।

(৪) বাংলাদেশ ব্যাংক বাজার পরিস্থিতি বিবেচনায় প্রতি আর্থিক বৎসরের প্রথম ত্রৈমাসিকে প্রাকৃতিক ব্যক্তি (Natural Person) এর আমানত ও ঋণের উপর সুদ বা মুনাফা বা ভাড়ার সর্বোচ্চ হার নির্ধারণ এবং প্রয়োজনে বৎসরের যে কোনো সময় উহা সমন্বয় করিবে এবং ওয়েবসাইটে প্রকাশসহ সর্বসাধারণের অবগতির জন্য প্রচার ও প্রকাশ করিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs