প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

1[নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়] আইন, ২০২৩

( ২০২৩ সনের ৬০ নং আইন )

কোষাধ্যক্ষ

১২। (১) আচার্য, তৎকর্তৃক নির্ধারিত শর্তে, ৪ (চার) বৎসর মেয়াদের জন্য
১ (এক) জন কোষাধ্যক্ষ নিযুক্ত করিবেন:

তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তি একাদিক্রমে বা অন্য কোনোভাবে কোষাধ্যক্ষ হিসাবে ২ (দুই) মেয়াদের অধিক সময়ের জন্য নিয়োগ লাভের যোগ্য হইবেন না।

(২) উপধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, আচার্য যে কোনো সময় কোষাধ্যক্ষের নিয়োগ বাতিল করিতে পারিবেন।

(৩) কোষাধ্যক্ষ পদে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ে অন্যূন ১৫ (পনেরো) বৎসরের অধ্যাপনার অভিজ্ঞতাসহ অন্যূন দ্বিতীয় গ্রেডের অধ্যাপক হইতে হইবে অথবা স্নাতকোত্তর ডিগ্রিসহ প্রশাসনিক বা আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্যূন ১৫ (পনেরো) বৎসর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে:

তবে শর্ত থাকে যে, তিনি দায়িত্ব গ্রহণের তারিখ হইতে ৪ (চার) বৎসর অথবা তাহার ৬৫ (পঁয়ষট্টি) বৎসর বয়স পূর্ণ হওয়া উহার মধ্যে যাহা অগ্রে ঘটে, সেইকাল পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন।

(৪) কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের তহবিলের সার্বিক তত্ত্বাবধান করিবেন এবং বিশ্ববিদ্যালয়ের অর্থ সংক্রান্ত নীতি সম্পর্কে উপাচার্য, সংশ্লিষ্ট কমিটি এবং সিন্ডিকেটকে পরামর্শ প্রদান করিবেন।

(৫) কোষাধ্যক্ষ সিন্ডিকেটের নিয়ন্ত্রণ সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ও বিনিয়োগ পরিচালনা করিবেন এবং তিনি বার্ষিক বাজেট ও হিসাব বিবরণী উপস্থাপনের লক্ষ্যে সিন্ডিকেটের নিকট দায়বদ্ধ থাকিবেন।

(৬) যে খাতের জন্য অর্থ মঞ্জুর বা বরাদ্দ করা হইয়াছে সেই খাতেই যেন উহা ব্যয় হয়, তাহা দেখিবার জন্য কোষাধ্যক্ষ সিন্ডিকেটের নিকট দায়বদ্ধ থাকিবেন।

(৭) কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের পক্ষে অর্থ সংক্রান্ত সকল চুক্তি স্বাক্ষর করিবেন।

(৮) কোষাধ্যক্ষ সংবিধি দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করিবেন।

(৯) ছুটি, অসুস্থতা বা অন্য কোনো কারণে কোষাধ্যক্ষের পদ সাময়িকভাবে শূন্য হইলে উপাচার্য অবিলম্বে আচার্যকে তৎসম্পর্কে অবহিত করিবেন এবং আচার্য কোষাধ্যক্ষের কার্যাবলি সম্পাদনের জন্য যে প্রকার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন মনে করিবেন সেই ব্যবস্থা গ্রহণ করিবেন।


  • 1
    "নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” শব্দগুলি "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ" শব্দগুলি ও কমার পরিবর্তে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৭৯ নং আইন) এর ১৪ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs