প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩

( ২০২৩ সনের ৬১ নং আইন )

উপাচার্য নিয়োগ

১০।  (১) আচার্য, তৎকর্তৃক নির্ধারিত শর্তে, স্বনামধন্য একজন শিক্ষাবিদকে ৪ (চার) বৎসর মেয়াদের জন্য উপাচার্য পদে নিয়োগ প্রদান করিবেন:

তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তি একাদিক্রমে বা অন্য কোনোভাবে ২ (দুই) মেয়াদের অধিক সময়ের জন্য উপাচার্য পদে নিয়োগ লাভের যোগ্য হইবেন না।

(২) উপধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, আচার্যের সন্তোষানুযায়ী উপাচার্য স্বপদে অধিষ্ঠিত থাকিবেন।

(৩) উপাচার্য পদে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ে অন্যূন ২০ (বিশ) বৎসরের অধ্যাপনার অভিজ্ঞতাসহ প্রথম গ্রেডের অধ্যাপক হইতে হইবে।

(৪) মেয়াদ শেষ হইবার কারণে উপাচার্য পদটি শূন্য হইলে কিংবা ছুটি বা অন্য কোনো কারণে অনুপস্থিতির জন্য সাময়িকভাবে শূন্য হইলে কিংবা অসুস্থতা বা অন্য কোনো কারণে উপাচার্য তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে বা অপারগতা প্রকাশ করিলে শূন্য পদে নবনিযুক্ত উপাচার্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা উপাচার্যের পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত উপাচার্যের ভিন্নরূপ সিদ্ধান্ত না থাকা সাপেক্ষে উপ-উপাচার্য উপাচার্যের দায়িত্ব পালন করিবেন, তবে উপ-উপাচার্য পদ শূন্য থাকিলে ট্রেজারার এবং ট্রেজারারের অবর্তমানে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠতম ডিন উপাচার্যের দায়িত্ব পালন করিবেন।

ব্যাখ্যা।- উপধারা (৪) এর উদ্দেশ্য পূরণকল্পে, ডিন পদে নিয়োগের তারিখের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে এবং নিয়োগের তারিখ একই হইলে বিশ্ববিদ্যালয়ে চাকরির সাকূল্য মেয়াদের দীর্ঘতার ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs