Print View

[Section Index]

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩

( ACT NO. ৬৩ OF ২০২৩ )

Chapter দ্বিতীয় অধ্যায়

কাউন্সিল প্রতিষ্ঠা, গভর্নিং বডি, নির্বাহী পরিষদ, কার্যাবলি, ইত্যাদি

গভর্নিং বডি

৮।  (১) কাউন্সিলের একটি গভর্নিং বডি থাকিবে, যাহা নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:̶

(ক) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত ৩ (তিন) জন সংসদ সদস্য;

(খ) চেয়ারম্যান, নির্বাহী পরিষদ;

(গ) মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর;

(ঘ) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি;

(ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি;

(চ) ডিন, মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়;

(ছ) ডিন, মেডিসিন অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়;

(জ) সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিনগণের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন ডিন;

(ঝ) সরকারি পর্যায়ে স্থাপিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হইতে সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন অধ্যক্ষ;

(ঞ) বেসরকারি পর্যায়ে স্থাপিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হইতে সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন অধ্যক্ষ;

(ট) সরকার কর্তৃক মনোনীত সরকারি পর্যায়ে স্থাপিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক পদমর্যাদার ১ (এক) জন শিক্ষক;

(ঠ) সরকার কর্তৃক মনোনীত বেসরকারি পর্যায়ে স্থাপিত ও স্বীকৃত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ১ (এক) জন শিক্ষক;

(ড) সরকার কর্তৃক মনোনীত হোমিওপ্যাথিক গবেষণা কার্যক্রমের সহিত সংশ্লিষ্ট ১ (এক) জন প্রতিনিধি;

(ঢ) ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারির অভিজ্ঞতাসম্পন্ন হোমিওপ্যাথিক চিকিৎসকগণের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি; এবং

(ণ) রেজিস্ট্রার, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।

(২) উপধারা (১) এর দফা (ক) এবং দফা (জ) হইতে (ঢ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে অনধিক ৩ (তিন) বৎসরের জন্য সদস্য পদে বহাল থাকিবেন:

তবে শর্ত থাকে যে, সরকার, কোনো কারণ দর্শানো ব্যতিরেকে, মেয়াদ শেষ হইবার পূর্বে কোনো মনোনীত সদস্যকে অব্যাহতি প্রদান করিতে পারিবে।

(৩) কোনো সদস্য প্রেসিডেন্টের অনুমোদন ব্যতীত গভর্নিং বডির পরপর ৩ (তিন) টি সভায় অনুপস্থিত থাকিলে তাহার সদস্য পদের অবসান হইবে।

(৪) উপধারা (১) এর দফা (ক) এবং দফা (জ) হইতে (ঢ) এ উল্লিখিত কোনো মনোনীত সদস্য, যে কোনো সময়, প্রেসিডেন্টকে উদ্দেশ্য করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs