Print View

[Section Index]

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩

( ACT NO. ৬৩ OF ২০২৩ )

Chapter দ্বিতীয় অধ্যায়

কাউন্সিল প্রতিষ্ঠা, গভর্নিং বডি, নির্বাহী পরিষদ, কার্যাবলি, ইত্যাদি

নির্বাহী পরিষদ

১১।  (১) কাউন্সিলের একটি নির্বাহী পরিষদ থাকিবে, যাহা নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:̶

(ক) চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন;

(খ) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি;

(গ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি;

(ঘ) মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত ১ (এক) জন পরিচালক;

(ঙ) সরকার কর্তৃক মনোনীত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ১ (এক) জন অধ্যক্ষ;

(চ) নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকগণের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন মহিলা প্রতিনিধি;

(ছ) প্রত্যেক প্রশাসনিক বিভাগ হইতে সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন করিয়া নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক প্রতিনিধি;

(জ) প্রত্যেক প্রশাসনিক বিভাগ হইতে উক্ত বিভাগের অন্তর্গত হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হইতে নির্বাচিত ১ (এক) জন করিয়া শিক্ষক প্রতিনিধি; এবং

(ঝ) রেজিস্ট্রার, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।

(২) উপধারা (১) এর দফা (ঙ) হইতে (জ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে অনধিক ৩ (তিন) বৎসরের জন্য নির্বাহী পরিষদের সদস্য পদে বহাল থাকিবেন:

তবে শর্ত থাকে যে, সরকার, কোনো কারণ দর্শানো ব্যতিরেকে, মেয়াদ শেষ হইবার পূর্বে কোনো মনোনীত সদস্যকে অব্যাহতি প্রদান করিতে পারিবে।

(৩) উপধারা (১) এর দফা (ঙ) হইতে (জ) এ উল্লিখিত কোনো মনোনীত সদস্য চেয়ারম্যানের অনুমোদন ব্যতীত নির্বাহী পরিষদের পরপর ৩ (তিন) টি সভায় অনুপস্থিত থাকিলে তাহার সদস্য পদের অবসান হইবে।

(৪) উপধারা (১) এর দফা (ঙ) হইতে (জ) এ উল্লিখিত কোনো মনোনীত সদস্য, যে কোনো সময়, চেয়ারম্যানকে উদ্দেশ্য করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs