Print View
[Section Index]
Chapter দ্বিতীয় অধ্যায়
কাউন্সিল প্রতিষ্ঠা, গভর্নিং বডি, নির্বাহী পরিষদ, কার্যাবলি, ইত্যাদি
১৪। (১) নির্বাহী পরিষদের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-
(ক) হোমিওপ্যাথিক ডিপ্লোমা শিক্ষা সনদসহ পেশাগত সনদ প্রদান;
(খ) হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা প্রদান করিতেছে বা করিতে ইচ্ছুক এমন দেশি বা বিদেশি হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠানকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে স্বীকৃতি প্রদান;
(গ) হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা, প্রাতিষ্ঠানিক, ক্লিনিক্যাল, প্র্যাকটিক্যাল এবং গবেষণা সম্পর্কিত বিষয়ে নির্ধারিত মান ও দক্ষতা নিশ্চিত করিবার জন্য নির্ধারিত পদ্ধতিতে হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠান তদারকি ও পরিদর্শন;
(ঘ) হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিভিন্ন কোর্স চালু করা, উক্ত কোর্সসমূহে প্রবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পাঠদান ও পরীক্ষার আয়োজন;
(ঙ) হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণ;
(চ) হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন, পাঠ্যপুস্তক রচনা এবং হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার প্রণয়ন ও হালনাগাদ আকারে প্রকাশের ব্যবস্থা করা;
(ছ) হোমিওপ্যাথিক চিকিৎসা সংক্রান্ত বিদ্যমান শিক্ষা ও প্রশিক্ষণ কোর্সের সমন্বয় সাধন, উন্নীতকরণ, নূতন শিক্ষা ও প্রশিক্ষণ কোর্স চালু করা এবং এতদ্সংক্রান্ত সিলেবাস প্রণয়ন ও আনুষঙ্গিক অন্যান্য ব্যবস্থা গ্রহণ;
(জ) অন্যান্য চিকিৎসা বিজ্ঞান ও মেডিকেল কোর্সের সহিত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার সমন্বয় সাধন;
(ঝ) হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারের আয়োজন ও অংশগ্রহণ;
(ঞ) হোমিওপ্যাথিক বিষয়ে বই, পত্রিকা, জার্নাল, বুলেটিন বা অনুরূপ প্রকাশনার ব্যবস্থা গ্রহণ;
(ট) হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, পুরষ্কার বা মেডেল বা অনুরূপ সম্মাননা প্রদান;
(ঠ) সরকারের পূর্বানুমোদনক্রমে, হোমিওপ্যাথি বিষয়ক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা;
(ড) কাউন্সিলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংরক্ষণ করা; এবং
(ঢ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কাউন্সিল কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন ও কার্যাবলি সম্পাদন।
(২) নির্বাহী পরিষদ উহার দায়িত্ব পালন ও কার্যাবলি সম্পাদনের জন্য কাউন্সিলের নিকট দায়ী থাকিবে।