Print View

[Section Index]

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩

( ACT NO. ৬৩ OF ২০২৩ )

Chapter ষষ্ঠ অধ্যায়

তহবিল, হিসাবরক্ষণ, ইত্যাদি

তহবিল

৩৮।  (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল তহবিল নামে কাউন্সিলের একটি তহবিল থাকিবে এবং উক্ত তহবিলে নিম্নবর্ণিত উৎসসমূহ হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:̶

(ক) সরকারের নিকট হইতে প্রাপ্ত বরাদ্দ বা অনুদান;

(খ) সরকারের অনুমোদনক্রমে, কোনো দেশি বা বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত দান;

(গ) এই আইনের অধীন ফি বাবদ প্রাপ্ত অর্থ;

(ঘ) বিনিয়োগ হইতে অর্জিত আয়;

(ঙ) ব্যাংকে গচ্ছিত অর্থ হইতে প্রাপ্ত আয়; এবং

(চ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ।

(২) তহবিলের অর্থ গভর্নিং বডির অনুমোদনক্রমে কোনো তপশিলি ব্যাংকে কাউন্সিলের নামে জমা রাখিতে হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল হইতে অর্থ উত্তোলন ও তহবিল পরিচালনা করা যাইবে।

(৩) কাউন্সিল ও নির্বাহী পরিষদের দায়িত্ব ও কার্যাবলি সম্পাদন এবং চেয়ারম্যান ও রেজিস্ট্রারসহ কাউন্সিলের অন্যান্য কর্মচারীদের বেতন, ভাতা ও আনুষঙ্গিক সকল ব্যয় তহবিল হইতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্বাহ করা হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs