প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৯। (১) কোনো কর্মচারী বা তাহার মৃত্যু হইলে তাহার স্ত্রী বা, ক্ষেত্রমত, স্বামী, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, নিম্নবর্ণিত ক্ষেত্রে তহবিল হইতে অনুদান গ্রহণের অধিকারী হইবেন, যথা:-
(ক) কোনো নির্দিষ্ট চিকিৎসা কর্তৃপক্ষ কর্তৃক শারীরিক বা মানসিকভাবে তাহার দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য চিরস্থায়ীভাবে অক্ষম বলিয়া ঘোষিত হন এবং উক্ত কারণে চাকরি হইতে অবসর, অপসারণ বা অব্যাহতি পান; অথবা
(খ) চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করেন বা একজন অবসরপ্রাপ্ত কর্মচারী হিসাবে চাকরি হইতে অবসরের তারিখ হইতে ২ (দুই) বৎসরের মধ্যে মৃত্যুবরণ করেন।
(২) বোর্ড, উপধারা (১) এর অধীন প্রদেয় কল্যাণ অনুদান মাসিক ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকা অথবা বোর্ড কর্তৃক নির্ধারিত হারে, সর্বোচ্চ ১৫ (পনেরো) বৎসরের জন্য মঞ্জুর করিতে পারিবে।
(৩) উপধারা (১) এর অধীন কল্যাণ অনুদান গ্রহণের অধিকারী স্ত্রী বা, ক্ষেত্রমত, স্বামী উপ-ধারা (২) এ উল্লিখিত সময়সীমা অতিক্রান্ত হইবার পূর্বে পুনরায় বিবাহ করিলে বা মৃত্যুবরণ করিলে অবশিষ্ট সময়ের জন্য বোর্ডের সিদ্ধান্ত অনুসারে মৃত কর্মচারীর পরিবারের অন্য কোনো সদস্য বা সদস্যদেরকে কল্যাণ অনুদান প্রদেয় হইবে।
(৪) কোনো কর্মচারীর মৃত্যুবরণকালে স্ত্রী বা, ক্ষেত্রমত, স্বামী না থাকিলে বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তাহার পরিবারের সদস্যগণ উপ-ধারা (১) এর অধীন কল্যাণ অনুদান গ্রহণের অধিকারী হইবেন।
(৫) উপধারা (১) এর অধীন কল্যাণ অনুদান গ্রহণের অধিকারী কোনো অক্ষম কর্মচারী উপ-ধারা (২) এ উল্লিখিত সময়সীমা অতিক্রান্ত হইবার পূর্বে মৃত্যুবরণ করিলে অবশিষ্ট সময়ের জন্য বোর্ডের সিদ্ধান্ত অনুসারে মৃত কর্মচারীর স্ত্রী বা, ক্ষেত্রমত স্বামীকে প্রদেয় হইবে, তবে মৃত্যুবরণকালে উক্ত অক্ষম কর্মচারীর স্ত্রী বা, ক্ষেত্রমত, স্বামী না থাকিলে বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তাহার পরিবারের সদস্যগণ উপ-ধারা (১) এর অধীন কল্যাণ অনুদান গ্রহণের অধিকারী হইবেন।