প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
২। বিষয় অথবা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,—
(১) "অনিবাসী” অর্থ বাংলাদেশে নিবাসী ব্যক্তি নহেন এইরূপ কোনো ব্যক্তি;
(২) 'অনুমোদিত বৈদেশিক মুদ্রা" অর্থ Bangladesh Bank Order, 1972 (President's Order No. 127 of 1972) এর Article 18 এর অধীন বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত কোনো বৈদেশিক মুদ্রা;
(৩) "অর্থনৈতিক অঞ্চল" অর্থ সরকার কর্তৃক বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ (২০১০ সনের ৪২ নং আইন) এর ধারা ৫ এর অধীন ঘোষিত অর্থনৈতিক অঞ্চল;
(৪) "অফশোর ব্যাংকিং" অর্থ বহিঃউৎস এবং অনুমোদিত বিশেষায়িত অঞ্চলে পরিচালিত শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত উৎস হইতে বৈদেশিক মুদ্রায় প্রাপ্ত তহবিল দ্বারা এই আইনে বর্ণিত শর্তাধীনে বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময় সময়, জারিকৃত নির্দেশনা অনুযায়ী অনিবাসী বা, ক্ষেত্রমত, বাংলাদেশে নিবাসী ব্যক্তির সহিত পরিচালিত ব্যাংকিং কার্যক্রম;
(৫) "অফশোর ব্যাংকিং ইউনিট" অর্থ বাংলাদেশ ব্যাংক কর্তৃক এই আইনের অধীন ইস্যুকৃত লাইসেন্সের অধীনে বিশেষ শর্তাধীনে পরিচালিত কোনো তফসিলি ব্যাংকের একটি নির্দিষ্ট ব্যবসায়িক ইউনিট, শাখা, বুথ বা ডেস্ক;
(৬) "অভ্যন্তরীণ ব্যাংকিং ইউনিট” অর্থ কোনো তফসিলি ব্যাংকের ব্যবসায়িক ইউনিট যাহা অফশোর ব্যাংকিং ব্যতিরেকে অন্যান্য ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে;
(৭) "তফসিলি ব্যাংক” অর্থ Bangladesh Bank Order, 1972 (President's Order No.127 of 1972) এর Article 2 এর clause (j)-এ সংজ্ঞায়িত Scheduled Bank;
(৮) "বিশেষায়িত অঞ্চল" অর্থ অর্থনৈতিক অঞ্চল, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, হাইটেক পার্ক বা সরকার কর্তৃক, সময় সময়, ঘোষিত কোনো অঞ্চল;
(৯) "বহিঃউৎস" অর্থ বাংলাদেশের অভ্যন্তরীণ এবং ভৌগলিক সীমার বাহিরের যে সকল উৎস বাংলাদেশি উৎস হিসাবে গণ্য হইবে সেই সকল উৎস ব্যতিরেকে অন্যান্য সকল উৎস;
(১০) "বহিঃলেনদেন" অর্থ অফশোর ব্যাংকিং ইউনিট কর্তৃক বৈদেশিক মুদ্রায় সম্পাদিত লেনদেন;
(১১) "বাংলাদেশে নিবাসী ব্যক্তি" অর্থ Foreign Exchange Regulation Act, 1947 (Act No. VII of 1947) এর section 2 এর clause (hhh) এ সংজ্ঞায়িত নিবাসী ব্যক্তি:
(১২) "বাংলাদেশ ব্যাংক" অর্থ Bangladesh Bank Order, 1972 (President's Order No.127 of 1972) এর Article 2 এর clause (c)-এ সংজ্ঞায়িত বাংলাদেশ ব্যাংক;
(১৩) "বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল" অর্থ বাংলাদেশ বেসরকারী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ২০ নং আইন) এর ধারা ১১ এর অধীন রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠার জন্য ঘোষিত কোনো অঞ্চল বা অঞ্চলসমূহ;
(১৪) "বৈদেশিক মুদ্রা" অর্থ Foreign Exchange Regulation Act, 1947 (Act No. VII of 1947) এর section 2 এর clause (d)-এ সংজ্ঞায়িত বৈদেশিক মুদ্রা;
(১৫) "ব্যক্তি” অর্থ Foreign Exchange Regulation Act, 1947 (Act No. VII of 1947) এর section 2 এর clause (hh)-এ সংজ্ঞায়িত ব্যক্তি;
(১৬) "ব্যাংক" অর্থ ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ধারা ৫ এর দফা (ণ) এ সংজ্ঞায়িত কোনো ব্যাংক-কোম্পানি;
(১৭) "ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তি" অর্থ ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ধারা ২৬গ অনুযায়ী ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তি;
(১৮) "রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল" অর্থ সরকার কর্তৃক Bangladesh Export Processing Zones Authority Act, 1980 (Act No. XXXVI of 1980) এর section 10 এর অধীন ঘোষিত অঞ্চল বা অঞ্চলসমূহ:
(১৯) "লাইসেন্স" অর্থ ধারা ৪ এর অধীন অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য প্রদত্ত লাইসেন্স;
(২০) "হাই-টেক পার্ক" অর্থ সরকার কর্তৃক বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আইন, ২০১০ (২০১০ সনের ৮ নং আইন) এর ধারা ২ এর দফা (৬) অনুসারে বাংলাদেশে আইটি খাতের উন্নয়নকল্পে শিল্প প্রতিষ্ঠার জন্য নির্ধারিত অঞ্চল; এবং
(২১) "সহায়তাকারী” অর্থ রেমিট্যান্স প্রেরণকারীর পক্ষে ও তাহার নির্দেশনা অনুযায়ী অফশোর ব্যাংকিং ইউনিট ও অভ্যন্তরীণ ব্যাংকিং ইউনিটে হিসাব পরিচালনাকারী।