প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অফশোর ব্যাংকিং আইন, ২০২৪

( ২০২৪ সনের ০২ নং আইন )

আমানত, ঋণ ও অগ্রিম বা বিনিয়োগ, ইত্যাদি কার্যক্রম পরিচালনা

১১।   (১) রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কসমূহের শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহ হইতে আমানত গ্রহণের পাশাপাশি অফশোর ব্যাংকিং ইউনিট উহাদেরকে স্বল্প মেয়াদি ঋণ ও অগ্রিম বা বিনিয়োগ, ঋণপত্র ও গ্যারান্টি সুবিধা প্রদান, বিল ডিসকাউন্টিং, বিল নেগোশিয়েটিং এবং অন্যান্য বৈদেশিক বাণিজ্য সংশ্লিষ্ট বহিঃলেনদেন সেবা প্রদান করিতে পারিবে:

তবে শর্ত থাকে যে, মধ্যম এবং দীর্ঘ মেয়াদি অর্থায়ন সুবিধা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক, সময় সময়, জারীকৃত নির্দেশনা প্রযোজ্য হইবে।

(২) বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশিত পদ্ধতি পরিপালন সাপেক্ষে, ব্যাংক উহার অফশোর ব্যাংকিং ব্যবসায় শতভাগ বিদেশি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান ব্যতিরেকে অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে ফান্ডেড ও নন-ফান্ডেড ঋণ ও অগ্রিম বা বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করিতে পারিবে।

(৩) আইন দ্বারা প্রতিষ্ঠিত অনিবাসী ব্যক্তির অফশোর ব্যাংকিং অপারেশনের ক্ষেত্রে উপ-ধারা (২) প্রযোজ্য হইবে এবং এতদ্ব্যতীত উহার নিকট হইতে আমানত গ্রহণ করিতে পারিবে।

(৪) অনিবাসী বাংলাদেশি, বিদেশি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নিকট হইতে অফশোর ব্যাংকিং ইউনিট আমানত ও ঋণ গ্রহণ করিতে পারিবে।

(৫) ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নিবাসী বাংলাদেশিকে ব্যাংক উহার অফশোর ব্যাংকিং কার্যক্রমে আমদানি এবং প্রত্যক্ষ (direct) ও প্রচ্ছন্ন (deemed) রপ্তানি পণ্যের ক্ষেত্রে ইউজেন্স বা ডেফারড রপ্তানি বিল ডিসকাউন্ট বা ক্রয় করিবার সুবিধা প্রদান করিতে পারিবে।

(৬) বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশিত পদ্ধতি পরিপালন সাপেক্ষে তফসিলি ব্যাংক উহার অফশোর ব্যাংকিং কার্যক্রমে নিবাসী বাংলাদেশি শিল্প প্রতিষ্ঠানে মধ্যম বা দীর্ঘ মেয়াদি ঋণ ও অগ্রিম বা বিনিয়োগ মঞ্জুর করিতে পারিবে।

(৭) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, বাংলাদেশ ব্যাংক, সময় সময়, নির্দেশনা জারির মাধ্যমে অফশোর ব্যাংকিং এর আওতা হ্রাস-বৃদ্ধি করিতে পারিবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs